লাঠির আঘাতে বৃদ্ধা নিহত
রংপুরের মিঠাপুকুরে দুর্বৃত্তের লাঠির আঘাতে হেনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। গত রোববার রাতে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের শংকরপুর এলাকায় বৃদ্ধার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, উপজেলার শংকরপুর গ্রামের খায়রুল ইসলামের স্ত্রী হেনা বেগম রাত নয়টার দিকে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বাড়িতে আর কেউ ছিলেন না। এই সুযোগে কে বা কারা বাড়িতে ঢুকে লাঠি দিয়ে বৃদ্ধার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মিঠাপুকুর থানা-পুলিশ সূত্রে জানা যায়, বৃদ্ধার মাথায় লাঠির আঘাতের চিহ্ন রয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, গতকাল সোমবার মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ছেলে খোরশেদ আলম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে মামলায় কাউকে অভিযুক্ত করা হয়নি।