লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ধাবড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম আবদুল হাকিম হাওলাদার (৭৫)। তিনি ধাবড়ী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধাবড়ী গ্রামের আবদুল হাকিম হাওলাদারের সঙ্গে প্রতিবেশী আবদুল কাদের হাওলাদারের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে আজ সকালে দুই পক্ষ সালিসে বসে। সকাল ১০টার দিকে বিরোধীয় জমি মাপজোখ করার সময় দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় আবদুল কাদের হাওলাদারের পক্ষের লোকজন লাঠি দিয়ে আবদুল হাকিম হাওলাদারকে আঘাত করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন আবদুল হাকিমকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁরা লাশ বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে বিকেলে পুলিশ নিহত বৃদ্ধের বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার পর থেকে অভিযুক্ত পক্ষ পলাতক রয়েছে।

পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ননী গোপাল রায় বলেন, আবদুল হাকিম হাওলাদারকে বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।

নিহত বৃদ্ধের ছেলে নজরুল ইসলাম অভিযোগ করেন, তাঁর বাবার মাথায় আবদুল কাদের হাওলাদারের ছেলে মোজাহার হাওলাদার বেতের লাঠি দিয়ে আঘাত করেছিলেন।

একই কথা জানান সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাঈদ মিয়া। তিনি বলেন, দুই পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে মোজাহার হাওলাদারের লাঠির আঘাতে আবদুল হাকিম অসুস্থ হয়ে মারা যান।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আবদুল হাকিমের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির ডান কাঁধে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।