লাথি মেরে চিকিৎসা 'কবিরাজ' শ্রীঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগীর বাড়ির উঠানে ত্রিপল টানিয়ে তৈরি করা হয়েছে প্যান্ডেল। ভেতরে নারী, শিশুসহ কয়েক শ উৎসুক মানুষ। মানসিক ও শারীরিক প্রতিবন্ধী এক তরুণ ও তাঁর বড় বোনকে কোনো ওষুধ নয়, লাথি মেরে সুস্থ করা হবে। এই দৃশ্য দেখতে এসেছেন তাঁরা।
প্যান্ডেলের ভেতর একটি জলচৌকিতে জ্বলছে কয়েকটি আগরবাতি ও মোমবাতি। টিনের কৌটায় রাখা হয়েছে কিছু চাল। কয়েকটা টাকা আর ফুল পড়ে আছে ইতস্তত। ঢোলে পড়ে বাড়ি, বাঁশিতে বোল ওঠে। তরুণী ‘কবিরাজ’ রোগীদের ঘিরে চক্কর খেতে থাকেন। বিড়বিড় করে কী যেন জপেন। আর হাতে ইশারা করেন। আর তখন তাঁর এক সহযোগী যুবক প্রতিবন্ধী তরুণটিকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন। টাল সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়েন তরুণ। তবু নিস্তার নেই। সমানে লাথি মারা হয় তাঁকে। সাত দিন এমন অদ্ভুত ‘চিকিৎসার’ নামে তরুণটিকে সইতে হতো নির্যাতন। কিন্তু শেষমেশ প্রশাসন সহায়। গত মঙ্গলবার রাতে পুলিশ এসে আটক করে কথিত সেই কবিরাজসহ তিনজনকে। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত ওই ‘কবিরাজকে’ চিকিৎসার নামে প্রতারণার দায়ে ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এই ‘কবিরাজের’ নাম শাহেদা খাতুন (১৯)। তাঁর বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জালালপুর গ্রামে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মৈন্দ গ্রামের বাসিন্দা আবুল হোসেনের বাড়িতে গত শনিবার সকাল ১০টার দিকে শুরু করেছিলেন অদ্ভুত এই চিকিৎসা। আজ বৃহস্পতিবার রাতে তা শেষ হওয়ার কথা ছিল।
গৃহকর্তা আবুল হোসেন মঙ্গলবার বেলা একটার দিকে প্রথম আলোকে বলেন, তাঁর বড় মেয়ে আকলিমা (৩২) তিন সন্তানের জননী। পাঁচ বছর বয়স থেকে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। আর ছোট ছেলে জরিপ হোসেনেরও (১৮) একই হাল। আকলিমা ও জরিপকে মাত্র সাত দিনের মধ্যে কোনো ওষুধপত্র ছাড়াই ‘আধ্যাত্মিক’ চিকিৎসা দিয়ে ভালো করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন শাহেদা। এ জন্য তাঁর সঙ্গে লাখ টাকার চুক্তি হয়। ২০ হাজার টাকা আগাম দেন। শর্ত অনুযায়ী, কবিরাজের সঙ্গে সাত সদস্যের দল রোগীর বাড়িতে থাকবে, খাওয়াদাওয়া করবে। বাদ্যবাজনার তালে তালে আকলিমাকে নাচানো হয়। অবশ্য তাঁকে কিল, ঘুষি কিংবা লাথি মারা হয় না।
আবুল হোসেন আরও বলেন, এই কবিরাজ এমন অনেক রোগী নাকি এর আগেও ভালো করেছেন বলে তিনি শুনেছিলেন। একই উপজেলার বাখাইল গ্রামের এক ব্যক্তির মাধ্যমে তিনি যোগাযোগ করেন। কথাবার্তা বলে সাব্যস্ত হয়, তাঁর ছেলেমেয়ে সুস্থ হয়ে গেলে এক লাখ টাকা দিতে হবে। আর সাত দিনের খাবার, ডেকোরেশনসহ আরও খরচ হবে ২০-২৫ হাজার টাকা। এই ব্যয়ও তাঁকেই বহন করতে হবে।
শাহেদা প্রথম আলোকে বলেন, ‘আমার পড়াশোনা পঞ্চম শ্রেণি পর্যন্ত। সে সময় আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তখন বড় বড় কবিরাজ চিকিৎসা করে আমাকে সুস্থ করেন। তখন অনেকেই বলেছিলেন আমার মধ্যে আধ্যাত্মিক ক্ষমতা আছে। এ খবর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। আমার ডাক আসতে থাকে। আমিও কবিরাজি করতে থাকি।’
সদর থানার উপপরিদর্শক (এসআই) ইসতিয়াক আহমেদ বলেন, মঙ্গলবার রাতে মৈন্দ গ্রামে অভিযান চালিয়ে শাহেদাসহ তিনজনকে আটক করা হয়। পরে গতকাল দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আশরাফুল আলম শাহেদাকে ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেন। বিকেলে তাঁকে কারাগারে পাঠানো হয়। অন্য দুজনকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে গতকাল সন্ধ্যায় জানতে চাইলে ইউএনও আশরাফুল আলম বলেন, চিকিৎসার নামে প্রতারণা করার অপরাধে শাহেদাকে কারাদণ্ডের এই আদেশ দেওয়া হয়েছে।