নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ব্রহ্মপুত্র নদের লাধুরচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার সোনারগাঁ থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে বালু তোলার খননযন্ত্র (ড্রেজার) ও পাইপ জব্দ করে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, স্থানীয় একটি চক্র উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের লাধুরচর এলাকায় ড্রেজার বসিয়ে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে আসছিল। বালু তোলার ফলে নদের তীরবর্তী লাধুরচর, শেখকান্দী, বুরুমদী ও জালকান্দী গ্রামের অনেক মানুষের ফসলি জমি ও বাড়িঘর ভেঙে নদের গর্ভে চলে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে গতকাল মঙ্গলবার পুলিশ ওই এলাকায় গেলে অবৈধভাবে বালু তোলার প্রমাণ পায়। এ সময় পুলিশ বালু তোলা বন্ধ করে দিয়ে ড্রেজার ও পাইপ থানায় নিয়ে যায়।
সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের জানান, অবৈধভাবে বালু তোলার ঘটনার সত্যতা পেয়ে ড্রেজার ও পাইপ জব্দ করা হয়েছে। ইউএনও আবু নাছের ভূঞাঁ বলেন, দীর্ঘ দিন ধরে ওই এলাকায় সরকারি অনুমোদন ছাড়াই বালু উত্তোলন চলছিল। এলাকাবাসীর অভিযোগ পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে বালু তোলা বন্ধ করে দেওয়া হয়েছে।
চালকান্দী গ্রামের কৃষক আক্তার হোসেন বলেন, ‘আমাদের গ্রামের পাশ থেকে অবৈধভাবে বালু তোলার ফলে ইতিমধ্যে অনেক কৃষকের জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।’