লাভ হয় সিন্ডিকেটের দায় নেয় না কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বললেন, ডিও লেটার পাওয়ায় ছেড়ে দিয়েছেন। কটিয়াদী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুকিদুল আলম বললেন, কে-কীভাবে ডিও লেটার পেল, তা তাঁর জানার বিষয় নয়। জেলা খাদ্য কর্মকর্তা তপন চন্দ্র দাসের যুক্তি, গুদাম থেকে মালামাল বেরিয়ে গেলেই তাঁর দায়িত্ব শেষ। কটিয়াদী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম দায় চাপালেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওপর।
ভবিষ্যতে আর যেন এমনটা না হয় বলে গুদাম কর্মকর্তাকে সতর্ক করে দায়িত্ব শেষ করেছেন কটিয়াদীর ইউএনও নজরুল ইসলাম ভূঁইয়া। শেষ পর্যন্ত দেখা গেছে, পুলিশের হাতে জব্দ হওয়া ট্রাক ভর্তি জিআরের চাল আওয়ামী লীগের নেতারা ছাড়িয়ে নেওয়ার ১২ দিন পরও এ বিরুদ্ধে প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।
খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দলীয় নেতা গিয়াস উদ্দিন, আলা উদ্দিন, রিফাত উল্লাহ ও যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মস্তফার নেতৃত্বে ৩২ সদস্যের একটি সিন্ডিকেট গড়ে ওঠে। আর অজিত বণিকের নেতৃত্বে আছে আরেকটি সিন্ডিকেট। ওই সিন্ডিকেটেও আছেন আওয়ামী লীগের আরও কিছু নেতা-কর্মী। তাঁরা টিআর, কাবিখা, জিআরসহ বিভিন্ন প্রকল্পের বরাদ্দ কেনাবেচা করেন।
গত শুক্রবার কটিয়াদীর একাধিক প্রকল্পের সভাপতির সঙ্গে কথা বলে জিআরের চাল জব্দ হওয়ার পরও প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ টের পেওয়া গেছে। আছমিতা ইউনিয়নের বানিয়াগ্রাম পুরোনো বাজার মসজিদ কমিটি ওয়াজ মাহফিলের জন্য পেয়েছিল দুই টন চাল। সিন্ডিকেট মসজিদ কমিটির কাছ থেকে ডিও নিয়ে ৩২ হাজার টাকা তাদের হাতে তুলে দিয়েছে। প্রকল্পের সভাপতি আমির উদ্দিন বলেন, ‘না দিয়া কী করুম। এইডাই নাকি নিয়ম এহন।’
বনগ্রাম ইউনিয়নের পশ্চিম ভিটিপাড়া জামে মসজিদ প্রকল্প উন্নয়ন কমিটির সভাপতি আতিকুর রহমান বলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান ওরফে বাচ্চু তাঁর কাছ থেকে ডিও নিয়ে গেছেন।
আওয়ামী লীগের নেতা গিয়াস উদ্দিন বলেন, ‘আমরা যে টাকা দিই অজিত সিন্ডিকেট তো আরও কম দেয়।’
অজিত বণিক আবার বলেন, ‘আমার এ ব্যবসার বয়স ৫০ বছর। গিয়াস সিন্ডিকেট কম টাকা দিয়ে ভয়-ভীতি দেখিয়ে ডিও হাতিয়ে নেয়।’
১৪ ডিসেম্বর বিকেলে কিশোরগঞ্জের কটিয়াদী খাদ্যগুদাম থেকে জিআর প্রকল্পের ২০ টন চাল বেআইনিভাবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নেওয়ার সময় বাজিতপুর থানা পুলিশ জব্দ করে। এর সাত ঘণ্টা পরই কটিয়াদী পৌর আওয়ামী লীগের সভাপতি আলা উদ্দিন, যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিফাত উল্লাহ এসে পুলিশের কাছ থেকে সে চাল ছাড়িয়ে নেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সূত্র জানায়, জিআর মানে জেনারেল রিলিফ। সরকারি-বেসরকারি বিভিন্ন এতিমখানা, শিশুসদন, অনাথ আশ্রম ও ধর্মীয় প্রতিষ্ঠানে আগত ব্যক্তিদের আহারের জন্য এ চাল সহায়তা দেওয়া হয়। এ প্রকল্পের এক উপজেলার চাল অন্য উপজেলায় নেওয়া বা বিক্রির সুযোগ নেই।