লাভের টাকা চাইতে গিয়ে মার খেলেন 'রানওয়ে'র আরিফ

ব্যবসায় লাভের টাকা চাইতে গিয়ে মার খেয়ে গুরুতর আহত হলেন অভিনেতা ও প্রামাণ্যচিত্র নির্মাতা আলী আহসান। ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালীতে তাঁর নিজ গ্রামে। বর্তমানে তিনি কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ‘রানওয়ে’র আরিফ চরিত্রে অভিনয় করে সবার নজর কাড়েন মহেন্দ্রপুর গ্রামের সর্দার আবদুল লতিফের ছেলে আলী আহসান। তিনি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র গেরিলাতেও অভিনয় করেন। এ ছাড়া নিজেই নির্মাণ করেছেন কয়েকটি প্রামাণ্যচিত্র।
আলী আহসান প্রথম আলোকে জানান, নিজ গ্রামেই কয়েকজন মিলে তাঁরা কেবল অপারেটরের ব্যবসা করছেন। মেহেদী হাসান নামের স্থানীয় একজন অংশীদার গত এক বছরের বেশি সময় ধরে তাঁকে (আলী আহসান) লাভের টাকা দিচ্ছিলেন না। এ নিয়ে তাঁর (মেহেদী) সঙ্গে অনেকবার কথা হয়েছে। বারবার প্রতিশ্রুতি দিয়েও টাকা দিচ্ছেন না।
আলী আহসান আরও জানান, আজ দুপুরে আবার ব্যবসার হিসাব চাইতে অফিসে গেলে মেহেদীসহ কয়েকজন তাঁকে রড ও ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তিনি নিজেই অটোরিকশা করে থানায় গিয়ে লিখিত অভিযোগ দেওয়ার পর কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভর্তি হন।
এ ব্যাপারে মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে কথা বলতে অস্বীকৃতি জানান এবং এই প্রতিবেদককে তাঁর অফিসে যেতে বলেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মানা শায়েন্তা ঘোষ বলেন, আলী আহসানের মাথায় বড় ধরনের কোনো আঘাত লাগেনি। তবে শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। তারপরও তাঁকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বলেন, আলী আহসান থানার ডিউটি অফিসারের কাছে একটি এজাহার দিয়ে গেছেন। তদন্ত করে মামলা নেওয়া হবে।