লামা ও সুবর্ণচরে দুজনকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা উপজেলায় ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বত্তরা। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়ও এক তরুণকে গলাকেটে হত্যা করা হয়েছে।

লামায় নিহত ব্যক্তির নাম কামাল উদ্দিন (৪২)। তাঁর বাড়ি লামা উপজেলার সরই ইউনিয়নের হিমছড়িপাড়ায়।  উপজেলার গজালিয়া এলাকা থেকে তাঁর ক্ষতবিক্ষত লাশ গত শনিবার রাতে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শুক্রবার রাত নয়টার দিকে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি ভাড়াটে সেজে সরই ইউনিয়নের ক্যজুপাড়া বাজার থেকে কামালের মোটরসাইকেলে ওঠে। তারা গজালিয়া ইউনিয়নের একটি গানের অনুষ্ঠানে যাওয়ার কথা বলেছিল।

কামাল উদ্দিনের ছোট ভাই জসীম উদ্দিন বলেন, তাঁরা ধারণা করেছিলেন ভাড়াটে নিয়ে যাওয়ার পর তাঁর বড় ভাইও ওই গানের অনুষ্ঠানে গেছেন। কিন্তু পরদিন দুপুরেও তিনি ফিরে আসেননি। ফলে তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে এলাকাবাসীর সহযোগিতায় লামা-সরই সড়ক থেকে ১০০ গজ দূরের একটি রাবারবাগানে তাঁর লাশ পাওয়া যায়। স্থানটা লামা উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে। গতকাল রোববার ওই স্থান থেকে ২০০ গজ দূরে কামালের মোটরসাইকেলটি ও ৫০০ টাকার একটি নোট উদ্ধার করা হয়।

পরিবার বলছে, ওই ভাড়াটেরাই পরিকল্পিতভাবে কামাল উদ্দিনকে হত্যা করেছে। জানে আলম নামের আরেক মোটরসাইকেলের চালক ওই তিন ভাড়াটেকে দেখেছেন। কামাল যখন ৬০০ টাকা ভাড়ায় তাদের নিয়ে গজালিয়ার উদ্দেশে রওনা হন, তখন জানে আলম ক্যজুপাড়া বাজারেই ছিলেন। কামালের ভাই জসীম উদ্দিন বলেছেন, ওই তিন ব্যক্তিই বাঙালি এবং সরই এলাকার বাইরের লোক। তাদের একজনের হাতে ব্যাগ ছিল।

সরইয়ের ক্যজুপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) হাতেম আলী বলেন, কামাল উদ্দিনকে গলা কেটে, বুকে ছুরি মেরে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, দুর্বৃত্তরা কামাল উদ্দিনকে হত্যার জন্যই মোটরসাইকেলের ভাড়াটে সেজেছিল বলে তাঁদের মনে হয়েছে। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করার জন্য তদন্ত চলছে।

এদিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের চরমহিউদ্দিন গ্রামে মো. শরিফ (২৩) নামের এক তরুণকে গতকাল রোববার গলা কেটে হত্যা করা হয়। শরিফ ওই গ্রামের মো. নাছিরের ছেলে।

নিহত যুবকের বড় ভাই মো. আরিফ বলেন, গতকাল বিকেল পাঁচটার দিকে প্রতিবেশী আবদুল মান্নানের ছেলে মো. মিলন (৩০) তাঁদের ঘরে আসেন। তিনি তাঁর ছোট ভাই শরিফের কক্ষে গিয়ে বসেন। তখন শরিফ ঘুমাচ্ছিলেন। কিছুক্ষণ পর মিলন ঘরে থাকা দা দিয়ে শরিফের গলায় কোপ দিয়ে দৌড়ে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে তাঁরা এসে শরিফকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, গলা কাটা অবস্থায় শরিফকে সন্ধ্যায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দেখতে পান, রোগী মারা গেছেন।

সুবর্ণচরের চরজব্বার থানার ওসি নিজাম উদ্দিন বলেন, অভিযুক্ত যুবক মিলন নেশাগ্রস্ত বলে তাঁরা জানতে পেরেছেন। তিনি কোনো কারণ ছাড়াই প্রতিবেশী শরিফকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি এবং মিলনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহত শরিফের ভাই আরিফও জানিয়েছেন, মিলনদের সঙ্গে তাঁদের কোনো বিরোধ নেই। মিলন সব সময় নেশা করেন। মাঝেমধ্যে তাঁদের বাড়িতে আসেন। গতকালও এসেছিলেন। তাই কেউ সন্দেহ করেননি।