লামায় দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠিপেটা, আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা উপজেলার হাসপাতাল এলাকায় গত বৃহস্পতিবার পারিবারিক কলহের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলা ও পুলিশের লাঠিপেটায় ছাত্রলীগের দুই নেতাসহ আটজন আহত হয়েছেন। তাঁদের একজনের অবস্থা গুরুতর। তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বেলা দুইটায় লামা উপজেলা সদরের হাসপাতাল এলাকায় চেয়ারম্যানপাড়া ও মধুঝিড়িপাড়ার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় আহত হন মধুঝিরিপাড়ার নাহিদ ইসলাম (২০), মাহফুজুল ইসলাম (১৮) ও রাসেল (২০) এবং চেয়ারম্যানপাড়ার মো. শাহেদ (২৫), রাশেদ (২০) ও দিলারা বেগম (৫০)। সংঘর্ষের একপর্যায়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল-মামুন ও সহসভাপতি আবদুল্লাহ আল-মাসুদ পুলিশের লাঠিপেটায় আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে নাহিদ ইসলামের অবস্থা গুরুতর। তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লামা পৌরসভার মহিলা কাউন্সিলর জ্যোৎস্না বেগম জানিয়েছেন, একটি তুচ্ছ পারিবারিক ঘটনায় বৃহস্পতিবার উপজেলা সদরের চেয়ারম্যানপাড়া ও মধুঝিরিপাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বাধে। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
পুলিশের লাঠিপেটায় আহত লামা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল-মামুন দাবি করেছেন, তাঁরা সংঘর্ষ থামাতে গিয়েছিলেন। পুলিশ বুঝতে না পেরে তাঁদের পিটিয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেছেন, তাঁরা ছাত্রলীগের কোনো নেতাকে লাঠিপেটা করেননি। হাসপাতালে যাঁরা ভর্তি রয়েছেন, তাঁরা সবাই পারিবারিক কলহের সংঘর্ষে আহত হয়েছেন বলে ওসি দাবি করেন।