লামায় রাবার কারখানার ব্যবস্থাপক অপহৃত
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের লামা রাবার লিমিটেডের ব্যবস্থাপক আরিফুল ইসলামকে (৩৫) গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অপহরণ করা হয়েছে। কে বা কারা তাঁকে অপহরণ করেছে, পুলিশ তা জানাতে পারেনি।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় একদল সশস্ত্র ব্যক্তি উপজেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কেয়াজুপাড়া এলাকায় লামা রাবার লিমিটেডের রাবার বাগান কার্যালয়ে যায়। সেখান থেকে তারা আরিফুলকে তুলে নিয়ে যায়।
লামা রাবার লিমিটেডের পরিচালক আব্দুল হক ও কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, সাত থেকে আটজন সশস্ত্র ব্যক্তি আরিফুলকে ধরে নিয়ে যায়। তাঁকে ধরে নিয়ে যাওয়ার সময় তারা কিছু বলেনি। ওই ব্যক্তিদের পরিচয়ও এই দুই পরিচালক জানাতে পারেননি। তাঁদের দাবি, এই প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় কারও দ্বন্দ্বও নেই।
পরিচালক আব্দুল হকের দাবি, জয়েন্ট ভেঞ্চারে কেয়াজুপাড়া এলাকায় লামা রাবার লিমিটেড এক হাজার ৬০০ একরের রাবার বাগান করেছে। এক প্লটে ২৫ একর করে ইজারা নেওয়া জমির মধ্যে যুবক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের ৪৮টি প্লট আছে।
ওসি সিরাজুল ইসলাম আজ বলেন, আরিফুলকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় লামা রাবার লিমিটেডের কার্যালয়ে আরও পাঁচ থেকে ছয়জন ছিলেন। তাঁরা পুলিশকে বলেন, দুর্বৃত্তদের কালো পোশাক পরা ছিল। তাদের হাতে গাদা বন্দুক ছিল। আরিফুলকে নিয়ে যাওয়ার সময় অপহরণকারীরা মুক্তিপণ চায়নি বা অন্য কোনো দাবি করেনি। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন।