লামায় রাবার কোম্পানির ব্যবস্থাপক অপহরণ
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের লামা রাবার লিমিটেডের ব্যবস্থাপককে গত মঙ্গলবার সন্ধ্যায় অপহরণ করা হয়েছে। কে বা কারা এবং কী জন্য অপহরণ করা হয়েছে, বিস্তারিত এখনো জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, ওই দিন সন্ধ্যায় একদল সশস্ত্র সন্ত্রাসী লামা উপজেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সরই ইউনিয়নের কেয়াজু এলাকার লামা রাবার লিমিটেডের রাবারবাগানের কার্যালয়ে আসে। তারা রাবারবাগানের ব্যবস্থাপক আরিফুল ইসলামকে (৩৫) খুঁজতে থাকে। তখন তিনি মাগরিবের নামাজ পড়ছিলেন। নামাজ শেষ করার পর সন্ত্রাসীরা তাঁকে ধরে নিয়ে যায়।
লামা রাবার লিমিটেডের পরিচালক আবদুল হক (বান্দরবানের সাবেক জেলা প্রশাসক) ও কামাল উদ্দিন বলেন, সাত-আটজন সশস্ত্র পাহাড়ি আরিফুল ইসলামকে ধরে নিয়ে যাওয়ার সময় কোনো কিছু বলে যায়নি। তাদের পরিচয়ও জানা যায়নি। লামা রাবারের সঙ্গে স্থানীয় কারও সঙ্গে দ্বন্দ্বও নেই বলে তাঁরা জানিয়েছেন।