লামায় অপহৃত তিনজন এখনো উদ্ধার হয়নি
বান্দরবানের লামার ফাঁসিয়াখালী থেকে অপহৃত তিন ব্যক্তিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে এই অপহরণের ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাতে চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ফাঁসিয়াখালীর শাহসুজা সড়কের ডাবলব্রিজ এলাকা থেকে তিন ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত ব্যক্তিরা হলেন ফাঁসিয়াখালীর হারগাঁজার মাদ্রাসাশিক্ষক নেজাম উদ্দিন (৩৫), কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারার কামাল হোসেন (৩২) ও আলী আহমদ (২৮)।
কামাল ও আলী আহমদের ভাই সোলাইমান বলেন, তাঁর দুই ভাইয়ের জন্য দুই লাখ ও অন্য জনের জন্য ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করছে দুর্বৃত্তরা। কিন্তু সামর্থ্য না থাকায় তাঁদের পক্ষে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন বলেন, কয়েক বছর ধরে সন্ত্রাসীরা অপহরণ বাণিজ্য চালিয়ে আসছে। গত দেড় বছরে ফাঁসিয়াখালী ও বাইশারী ইউনিয়নে ২৫ জনের বেশি মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করা হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় টমটমচালক আমান উল্লাহকে আটক করেছে চকরিয়া থানার পুলিশ।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ও চকরিয়া থানার ওসি প্রভাত চন্দ্র ধর বলেন, তাঁরা অপহৃত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেকোনো সময় দুর্বৃত্তদের গ্রেপ্তার ও অপহৃত ব্যক্তিদের উদ্ধার করা সম্ভব হবে।