লামায় দুই ব্যক্তির লাশ উদ্ধার
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পৃথক দুটি স্থান থেকে গতকাল শনিবার দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লামা উপজেলা সদর থেকে ৪৫ কিলোমিটার দূরে হিমছড়িপাড়ার ৫০০ গজ দূরে গতকাল সকালে জামাল উদ্দিন (৩২) নামে একজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিণমায়া এলাকার একটি পাহাড় থেকে গতকাল বিকেলে হারুনুর রশিদ (১৮) নামে এক তরুণের গলিত লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে হারুনুর রশিদ ১১ জুলাই থেকে নিখোঁজ ছিলেন।
লামা থানার উপপরিদর্শক (এসআই) তমিজ উদ্দিন দুই ব্যক্তির লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন। নিহত জামাল উদ্দিন পেশায় দিনমজুর। তিনি লামার আজিজনগর ইউনিয়নের হিমছড়িপাড়ার বাসিন্দা। অপর দিকে নিহত হারুনুর রশিদ ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁর বাড়ি আজিজনগরের হরিণমায়ায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জামাল উদ্দিন আত্মহত্যা করেছেন। তাঁর লাশের পাশে একটি দেশি বন্দুক পাওয়া গেছে। তবে হারুনুর রশিদের মৃত্যুর কারণ জানা যায়নি। নিশ্চিত হওয়ার জন্য দুজনের লাশের ময়নাতদন্ত করা হবে। এ জন্য লাশ দুটি বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এতে দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
লামা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই কৃষ্ণকুমার দাশ বলেন, এই ঘটনায় দুটি মামলা হবে। জামাল উদ্দিনের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা ও হারুনুর রশিদের মৃত্যুর বিষয়টি নিয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আজিজনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোবারক হোসেন বলেন, নিহত জামাল উদ্দিনের সঙ্গে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বনিবনা হচ্ছিল না। বাড়িতে তিনি একাই থাকতেন। কারও কাছ থেকে হাতি তাড়ানোর গাদাবন্দুক জোগাড় করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
নিহত হারুনুর রশিদের বাবা কবির আহমদ বলেন, তাঁর ছেলে ঢাকা থেকে ছুটিতে বাড়ি এসেছিল। ১৬ জুলাই হঠাৎ সে নিখোঁজ হয়। এ ব্যাপারে তিনি লামা থানায় গিয়ে নিখোঁজ ডায়েরিও করেছেন। গতকাল পাড়াবাসী পাহাড়ে একটি গলিত লাশ দেখে তাঁকে জানানোর পর তিনি সেখানে গিয়ে হারুনুর রশিদের লাশ শনাক্ত করেছেন। তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে কি না তা বুঝে উঠতে পারছেন না বলে জানিয়েছেন তিনি।