লামায় দোকান কর্মচারী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা উপজেলার দুর্গম লুলাইন এলাকায় গত শুক্রবার রাতে এক দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে রাবার বাগানের এক কর্মচারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লামা উপজেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সরই ইউনিয়নের কিয়াজুপাড়া-লুলাইন সড়কের মেরেত্যা রাবার বাগান এলাকায় খোকন কান্তি নাথ (৩৫) নামের ওই দোকান কর্মচারীর লাশ পাওয়া যায়।
লুলাইন মৌজার হেডম্যান (মৌজাপ্রধান) সিংফাত ম্রো¤ও লুলাইনের বাসিন্দা আশ্রাফ মিয়া বলেন, খোকন গত শুক্রবার বেলা ১১টায় লুলাইন বাজার থেকে কেয়াজুপাড়া বাজারে যাওয়ার পথে নিখোঁজ হন। সন্ধ্যা পর্যন্ত তাঁর খোঁজ না পাওয়ায় এলাকার শতাধিক মানুষ বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। পরে মেরেত্যা রাবার বাগানের পাহাড়ি খাদে তাঁর লাশ পাওয়া যায়।
খোকন নাথ কিয়াজুপাড়া বাজারের ব্যবসায়ী আবুল কালাম সওদাগরের ব্যবসা দেখাশোনা করতেন।
লামা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আজমগীর হোসেন বলেন, টাকার জন্য খোকন কান্তি নাথকে খুন করা হয়েছে। খুনিরা প্রথমে তাঁর মাথায় ও পিঠে আঘাত করেছে। সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর কপালের বাম পাশে থেঁতলানো। বাম কানে রক্তক্ষরণ হয়েছে।
সরই কিয়াজুপাড়া বাজারের ব্যবসায়ী আবুল কালাম বলেন, লুলাইন বাজার থেকে খোকন ৩০ হাজার টাকা নিয়ে আসছিলেন। তিনি তাঁর ব্যবসা-বাণিজ্য দেখাশুনা করতেন। খোকনের সঙ্গে কারও বিরোধ কিংবা শত্রুতা আছে বলে তাঁর জানা নেই।
লামা থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ নুর বলেন, এ ঘটনায় খোকন নাথের স্ত্রী শেফালি নাথ অজ্ঞাতনামা লোকজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। তিনি জানান, এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে বিসু বিকাশ ত্রিপুরা (৩০) নামের এক ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেছে। তবে তাঁকে মামলার আসামি করা হয়নি। জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেলে তাঁকে আসামি করা হবে।