লামায় বুনো হাতি হত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা উপজেলার কুমারী আগা রাবার বাগানসংলগ্ন এলাকায় গত শনিবার একটি মাদি বুনো হাতির মৃতদেহ পাওয়া গেছে। স্থানীয় লোকজন বলছেন, গুলি করে হাতিটিকে হত্যা করা হয়ে থাকতে পারে।
লামা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রফিকুল ইসলাম বলেন, হাতিটির স্বাভাবিক মৃত্যু হয়েছে, নাকি হত্যা করা হয়েছে—ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তা বলা সম্ভব হচ্ছে না।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গত শনিবার বিকেল থেকে পচা গন্ধ বের হওয়ার পর মৃত হাতিটি দেখা যায়।
কুমারী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আলমগীর ভূঁইয়া বলেন, হাতির মাথা, ঘাড় ও পিঠে গভীর ক্ষত দেখা গেছে।
লামা প্রাণিসম্পদ কর্মকর্তা জুয়েল মজুমদার বলেন, হাতিটির স্বাভাবিক মৃত্যু হয়নি। তিনি বলেন, হাতিটি আহত অবস্থায় কয়েক দিন পড়ে ছিল এবং পরে নড়াচড়া করতে গিয়ে খাড়া পাহাড় থেকে পড়ে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডিএফও রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।