লামায় সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি, নিহত ১
বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় গতকাল সোমবার সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে। সেনা কর্মকর্তারা জানান, নিহত ব্যক্তি সন্ত্রাসীদলের সদস্য। সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছে দুই ম্রো শিশু। ঘটনাস্থল থেকে গুলিভরা দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে সেনাবাহিনী। গুলিবিদ্ধ দুই শিশুর একজনকে লামা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রূপসীপাড়া ইউনিয়নের কয়েকজন বাসিন্দার সঙ্গে গতকাল সন্ধ্যায় মুঠোফোনে কথা বলে জানা গেছে, ইউনিয়ন সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে নাইক্ষ্যংমুখ ম্রো পাড়া এলাকায় বেলা তিনটার দিকে সেনাবাহিনী ও সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি শুরু হয়। থেমে থেমে বেশ কিছুক্ষণ ধরে গুলিবিনিময় চলে।
লামা থানার ওসি আনোয়ার হোসেন গতকাল রাত সাড়ে সাতটায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সেনাবাহিনীর কাছ থেকে তাঁরা শুনেছেন এক সন্ত্রাসী গুলিতে নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তারা ফিরে এলে ঘটনার বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে সেনাবাহিনীর আলীকদম জোনের অধিনায়ক লে. কর্নেল সারওয়ার হোসেন বলেন, জনসংহতি সমিতি-সমর্থিত সশস্ত্র দলের সঙ্গে সেনাবাহিনীর গুলিবিনিময় হয়েছে। সন্ত্রাসীদের গুলিতে আহত দুই শিশুকে তাঁরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনার পর সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
কয়েকজন সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, চাঁদাবাজি করার জন্য গতকাল দুপুর থেকে নাইক্ষ্যংমুখ ম্রো পাড়ায় জনসংহতি সমিতি-সমর্থিত প্রায় ১৪ জনের একটি সন্ত্রাসী দল অবস্থান করছিল। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে যায় সেনাবাহিনীর একটি দল। তাঁরা সন্ত্রাসী দলটিকে ঘিরে ফেলার চেষ্টা করেন। সেনাবাহিনীর উপস্থিতি আঁচ করতে পেরে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে পাড়ার দুই শিশু গুলিবিদ্ধ হয়। সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। এ সময় এক সন্ত্রাসী নিহত হয়। তার নাম-পরিচয় জানা যায়নি।
অবশ্য জনসংহতি সমিতির বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক ক্য বা মং মারমা বলেন, জনসংহতি সমিতি-সমর্থিত কোনো সশস্ত্র দল নেই।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রায়হান জান্নাত বলেন, মানচিং ম্রো (৮) ও ডিনুমো ম্রো (৭) নামের গুলিবিদ্ধ দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন সেনাসদস্যরা। এর মধ্যে বুকে গুলিবিদ্ধ মানচিং ম্রোকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডিনুমো ম্রোর পায়ে গুলি লেগেছে।
সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির বিষয়ে রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাচিং মারমা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর ইউনিয়নের দুর্গম এলাকায় দুটি সশস্ত্র চাঁদাবাজ দলের আনাগোনো বেড়েছে। কোন দলটির সঙ্গে সেনাবাহিনীর গুলিবিনিময় হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানতে পারেননি তিনি।