লামায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী গত শুক্রবার প্রতিবেশীর হাতে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ সন্দেহভাজন ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এদিকে গতকাল শনিবার গাজীপুরের কালিয়াকৈরে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, লামার ওই ছাত্রীর (১২) বাড়ি উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত রূপসীপাড়া ইউনিয়নের একটি এলাকায়। শুক্রবার দুপুরে সে নিজ বাড়িতে একা ছিল। এ সুযোগে পাশের একটি এলাকার বাসিন্দা নুরুন্নবী (২৪) তাকে ধর্ষণ করেন। মেয়েটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে নুরুন্নবীকে আটক করে পুলিশে দেয়।
কালিয়াকৈরে ধর্ষণচেষ্টার শিকার মেয়েটির মা গতকাল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে বলা হয়, চার বছরের শিশুটি গতকাল দুপুরে বাড়ির সামনে আরেকটি শিশুর সঙ্গে খেলছিল। এ সময় স্থানীয় এক তরুণ শিশুটিকে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।