লামায় স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ
বান্দরবানের লামা উপজেলায় এক স্কুলছাত্রীকে গত সোমবার সন্ধ্যায় রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। তবে প্রধান অভিযুক্ত পালিয়ে গেছেন।
ঘটনার শিকার মেয়েটির (১৪) বাড়ি উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নে। দরিদ্র পরিবারের মেয়েটি স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মেয়েটি সোমবার সন্ধ্যার দিকে বাড়ির পাশের একটি দোকানে যায়। সেখান থেকে ফেরার পথে মোহাম্মদ রুবেল (২১) ও আনোয়ার হোসেন (২৯) তাকে জাপটে ধরে তুলে নিয়ে যান। তাকে পাড়ার পাশের একটি রাবার বাগানের নির্জন মাচান ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে রুবেল তাকে ধর্ষণ করেন।
মেয়েটির মা ও ভগ্নিপতি বলেন, রুবেলের পর আনোয়ার হোসেনও মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় মেয়েটি ধাক্কাধাক্কি করে নিজেকে ছাড়িয়ে নিয়ে চিৎকার করতে করতে পালাতে থাকে। চিৎকার শুনে মেয়েটির ভগ্নিপতি দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। তিনি দেখতে পান, আনোয়ার হোসেন তখনো মেয়েটির পিছ পিছ দৌড়াচ্ছেন। মেয়েটির পোশাকও তাঁর হাতে ছিল। পরে এলাকাবাসীর সহায়তায় তিনি আনোয়ার হোসেনকে ধরে ফেলতে সক্ষম হন।
ধর্ষণের শিকার মেয়েটি বলেছে, ধর্ষণের পরপরই রুবেল তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যান। রুবেলের বাড়ি চকরিয়া উপজেলার কড়াইয়ারঘোনা গ্রামে। আর আনোয়ার হোসেনের বাড়ি ফাসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা নতুন পাড়ায়।
মেয়েটিকে উদ্ধার করে প্রথমে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসা কর্মকর্তা শফিউর রহমান বলেন, মেয়েটিকে বিপর্যস্ত অবস্থায় সোমবার রাতে এ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বিস্তারিত জানার পর তিনি প্রাথমিক চিকিৎসা দিয়ে মেয়েটিকে বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছেন।
লামা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মেয়েটিকে ধর্ষণের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আনোয়ার হোসেনকে ধরে তাঁদের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী। অপর আসামি রুবেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।