লামায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
বান্দরবানের লামায় চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শিশুটির বাবা বলেন, গত বুধবার তাঁর মেয়ে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় পাশের বাড়ির এক কলেজছাত্র (১৭) বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর মেয়েকে বাড়ি নিয়ে যায়। তারপর একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। তাঁর মেয়ে সেখান থেকে কান্না করতে করতে বাড়ি আসে। এ সময় তার (মেয়ে) শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। তিনি সঙ্গে সঙ্গে মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বান্দরবান সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) কর্মসূচি কর্মকর্তা মামুন আল সিরাজ বলেন, অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার শিশুটিকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বান্দরবান সদর হাসপাতালে আনা হয়।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি।