লাল শাপলার হাওর হত্যার আয়োজন
সিলেটে পাথর ভাঙার কল স্থাপনের প্রথম শর্ত ছিল ‘স্টোন ক্রাশার জোন’ করতে হবে। নীতিমালা অনুযায়ী ‘জোন’ করার কোনো জায়গা পাচ্ছিল না জেলা প্রশাসন। ২০১৩ সালে প্রণীত ওই নীতিমালার আলোকে এবার ‘স্টোন ক্রাশার জোন’ করতে বেছে নেওয়া হয়েছে একটি হাওরকে।
হাওরের নাম ডিবির হাওর। সিলেটের জৈন্তাপুরের সীমান্তবর্তী ওই হাওর জলমগ্ন থাকলে লাল শাপলা ফোটে। গত ৪ নভেম্বর প্রথম আলোর বর্ষপূর্তি সংখ্যায় লাল শাপলা ফোটার মৌসুমের ডিবির হাওরের ছবি প্রধান ফটোফিচার হিসেবে ছাপা হয়েছিল। সেই থেকে ডিবির হাওর দর্শনার্থীদের কাছে লাল শাপলার হাওর হিসেবে পরিচিতি পায়।
লাল শাপলার সেই ডিবির হাওরে ‘স্টোন ক্রাশার জোন’ (পাথর ভাঙার কল অঞ্চল) করার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন প্রশাসনে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। প্রাথমিকভাবে জায়গা চিহ্নিত করা, সম্ভাব্যতা যাচাইসহ সরেজমিন পর্যায়ে সব কাজ সম্পন্ন হয়েছে গত জানুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে এ ব্যাপারে নীতিগত অনুমোদন মেলে। চূড়ান্ত অনুমোদন পেলে পরে হাওরে স্টোন ক্রাশার জোন করার কাজ শুরু করতে প্রস্তুত জেলা ও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন।
সিলেটের বিভিন্ন কোয়ারি থেকে উত্তোলিত পাথর ভাঙার জন্য সিলেটসহ কোম্পানীগঞ্জ, ভোলাগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও জাফলং এলাকায় ১ হাজার ৫০০টি পাথর ভাঙার কল স্থাপন হয়। খোলা জায়গায় যত্রতত্র গড়ে ওঠা এসব কল পরিবেশ ও জনস্বাস্থ্যের ব্যাপক ক্ষতি করায় ২০১৩ সালে পরিবেশ ও বন মন্ত্রণালয় ‘পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ ও স্টোন ক্রাশিং মেশিন স্থাপন নীতিমালা (সংশোধিত ২০১৩)’ একটি আলাদা নীতিমালা করে।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খালেদুর রহমানের নেতৃত্বে ভূমিসংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে স্টোন ক্রাশার জোন করার স্থান নির্ধারণ ও জায়গা জরিপ সম্পন্ন হয়। জানতে চাইলে ইউএনও বলেন, ‘স্টোন ক্রাশার জোন স্থাপনে নির্দেশনা দেখে এ স্থানটি বেছে নেওয়া হয়েছে। জোন এলাকায় পর্যাপ্ত পানির প্রয়োজন। শব্দদূষণ ও ধুলোর প্রতিকারে পানির দরকার। এ জন্য হাওরের একাংশ ব্যবহৃত হবে।’ এ ক্ষেত্রে হাওরের যে অংশে শাপলা ফোটে, সেই অংশটি সংরক্ষণ করা যেতে পারে বলে তিনি জানান।
তবে এতে হাওর রক্ষা আর হবে না বলে মতামত ব্যক্ত করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম। তিনি বলেন, ‘আমাদের দেখার মধ্যে আছে, জাফলং থেকে শুরু করে যেখানে এসব স্টোন ক্রাশার হয়েছে, সেখানকার অবস্থা বলতে গেলে বিরাণ হয়ে পড়েছে।’ তিনি সম্প্রতি সুনামগঞ্জে হাওর উন্নয়ন অধিদপ্তরের উদ্বোধনের বিষয়টি তুলে ধরে বলেন, যেখানে সরকার হাওর রক্ষায় আলাদা অধিদপ্তর করছে, সেখানে স্টোন ক্রাশার জোন করে স্থানীয় প্রশাসন হাওর হত্যার আয়োজন করছে।
জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন জোন করার যৌক্তিক বিষয়গুলো তুলে ধরে প্রথম আলোকে বলেন, ‘ওই এলাকার পাশেই হবে স্পেশাল ইকোনমিক জোন। এ জন্য ওই স্থানকে বেছে নেওয়া হয়েছে।’ তাহলে হাওর-জলাশয়ের কী হবে—এমন প্রশ্নে তিনি বলেন, ‘ডিবির হাওর ৯০০ একর জায়গাজুড়ে। অধিকাংশ শুকিয়ে গেছে। এই শুকিয়ে যাওয়া অংশ মিলিয়ে আমরা ৬২৫ একর জায়গার শ্রেণি পরিবর্তন করেছি। বাকিটা জলাশয় থাকবে।’
পাথর ভাঙার কলগুলোকে আইনি লড়াইয়ের মাধ্যমে নীতিমালার আওতায় আনার চেষ্টায় থাকা সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, ‘এটি আসলে একটা সমস্যার সমাধান করতে গিয়ে আরেকটা সমস্যা তৈরি করার মতো ব্যাপার। শব্দদূষণ কমানো বা ধুলো মুক্ত করার জন্য পানির জায়গায় স্টোন ক্রাশার হতে পারে না। এগুলো যন্ত্রের পদ্ধতিগত বিষয়। চাইলে এ পদ্ধতি বদলানো যায়। হাওর এলাকায় স্টোন ক্রাশার হলে স্পষ্টত জলাশয় আইনের ৬ ধারা লঙ্ঘন।’