লাল শাড়ি পরার আগে রক্তে লাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার জুলি আক্তার (১৮)। মাসখানেক আগে নগরের পাহাড়তলী থানার বারো কোয়ার্টার এলাকার এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়। বিয়ের দিন ধার্য ছিল আগামী রোববার। দুই পরিবারের পক্ষ থেকে প্রস্তুতিও ছিল শেষ পর্যায়ে। কিন্তু বিয়ের মাত্র কয়েক দিন আগে জুলিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
গত সোমবার রাতে জুলিকে নিজ বাসায় ছুরিকাঘাত করা হয়। রাত ১১টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান।
জুলির ভাই মো. আজিজ প্রথম আলোকে বলেন, তাঁর এক ছেলে নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন। গত সোমবার রাতে পরিবারের সদস্যরা তাঁর ছেলেকে দেখতে হাসপাতালে যান। ওই সময় জুলি হালিশহরের ঈদগাঁ এলাকার বাসায় ছিলেন। এ সময় সাতকানিয়া থেকে তাঁদের বাসায় বেড়াতে আসেন তাঁর মামাতো বোনের ছেলে মো. রাসেল (২৩)। রাসেল তাঁর বোনকে ছুরিকাঘাতে হত্যা করেছেন। তিনি বলেন, তাঁর ধারণা, ঘরে থাকা টাকা-পয়সা নেওয়ার চেষ্টা করলে রাসেলকে বাধা দেন তাঁর বোন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর বোনের বুকে, পিঠে, হাতে ও পায়ে ছুরিকাঘাত করা হয়। তাঁর বোনের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। এরই মধ্যে তাঁরাও হাসপাতাল থেকে বাসায় এসে পৌঁছান। এ সময় রাসেলকে ধরার চেষ্টা করা হলে তিনি ছুরি দিয়ে নিজের পেটেও আঘাত করেন। আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তাঁর বোন মারা যান। আহত রাসেল হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, এ ঘটনায় আজিজ বাদী হয়ে রাসেলকে আসামি করে হালিশহর থানায় হত্যা মামলা করেছেন।
জুলির বড় ভাই মো. আজাদকে গতকাল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে আহাজারি করতে দেখা যায়। স্বজনেরা সান্ত্বনা দিয়েও তাঁর কান্না থামাতে পারছিলেন না। একপর্যায়ে তিনি বলেন, ‘পাঁচ দিন পর বোনকে বউ সাজিয়ে স্বামীর বাড়িতে পাঠাতাম। আজ বোন লাশ হয়ে মর্গে পড়ে আছে। লাল শাড়ি পরার আগে রক্তে লাল হয়ে আছে জুলি।’
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, বাসা থেকে টাকা-পয়সা নিতে না পারায় রাসেল তাঁর খালা জুলি আক্তারকে খুন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওসি বলেন, রাসেল দাবি করেছেন, জুলির কাছে তিনি টাকা পেতেন। টাকা না পাওয়ায় তাঁকে হত্যা করেছেন।