লালখান বাজারে দুই পক্ষে ধাওয়া, পাল্টা ধাওয়া
চট্টগ্রাম নগরের লালখান বাজারের পোড়া কলোনিতে স্থানীয় দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। গত রোববার দিবাগত রাত আড়াইটা থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ জানায়, শরীফ ওরফে টেম্পো শরীফের সঙ্গে দুই বছর আগে খুন হওয়া খোকনের আত্মীয়স্বজনদের মধ্যে এই মারামারির ঘটনা ঘটে।
খুলশী থানার এসআই মো. নাজিম উদ্দিন জানান, খোকন হত্যা মামলার আসামি শরীফ। সম্প্রতি জামিনে ছাড়া পান শরীফ। খোকনের আত্মীয় সুজন, মমতাজ বেগম, পারভিন আক্তারসহ কয়েকজনকে মারধর করাকে কেন্দ্র করে দুই পক্ষে মারামারি হয়।
পুলিশ সূত্র জানায়, রোববার রাত আড়াইটার দিকে শরীফ দলবল নিয়ে ঘরে গিয়ে সুজনকে মারধর করে। এ সময় খোকনের খালা মমতাজ বেগম ও আত্মীয় পারভিন আক্তারকে মারধর করা হয়। এই ঘটনা জানাজানি হলে সুজনের পক্ষের লোকজন রাস্তায় নেমে আসে। সকালে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি শান্ত হয়। ঘটনাস্থল থেকে তিন নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে শরীফও রয়েছেন।