লালনপালনে অক্ষমতায় শিশু বিক্রির অভিযোগ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক দরিদ্র দম্পতির মধ্যে ছাড়াছাড়ি হওয়ার পর তাঁদের একমাত্র শিশুসন্তানকে বিক্রি করে দেওয়া হয়েছে। গত বুধবার উপজেলার উচাখিলা বাজারে মো. আবদুল ওয়াদুদ সরকার শিশু বিক্রির দলিল লিখে দেন।
গতকাল শুক্রবার মুঠোফোনে জানতে চাইলে ওয়াদুদ সরকার দলিল লিখে দেওয়ার সত্যতা নিশ্চিত করেন। সিয়াদ নামের এক বছর বয়সের ওই শিশুটি উপজেলার রাজীবপুর ইউনিয়নের মমরুজপুর গ্রামের মীর হোসেনের (৬০) নাতি।
গতকাল শুক্রবার সকালে ওই গ্রামে গেলে মীর হোসেন বলেন, সিয়াদের বাবা বিল্লাল হোসেন (১৮) তাঁর এক মাত্র ছেলে। সাত-আট মাস আগে ছেলে ও ছেলের স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়। এরপর সিয়াদের লালন-পালন করতে গিয়ে সমস্যায় পড়েন। তিনি সিয়াদকে বিক্রির কথা অস্বীকার করে বলেন, তিনি অতি দরিদ্র। অন্যের জমিতে ঘর তুলে বসবাস করছেন। নিজের সংসার চালাতে অক্ষম। এ কারণেই কোনো দিন দাবি করতে পারবেন না এমন শর্ত মেনে সিয়াদকে তাঁর স্ত্রীর এক আত্মীয়ের কাছে পোষ্য দিয়েছেন।
গ্রামে খোঁজ নিয়ে জানা যায়, মীর হোসেন তাঁর মেয়ের এক সন্তানকে নিজের বাড়িতে রেখে লালন-পালন করছেন। কিন্তু ছেলের সন্তানকে অন্যের কাছে পোষ্য দেওয়ার বিষয়ে মীর হোসেনের বক্তব্য বিশ্বাস করতে চাইছে না গ্রামের লোকজন। তাদের দাবি, টাকার বিনিময়ে এই গ্রামে মানুষ বিক্রির ঘটনা ঘটেছে।
ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম বলেন, তিনি বিষয়টি জানেন না। তবে খোঁজ নেবেন।
মমরুজপুর গ্রামের চারজন বাসিন্দা বলেন, বিল্লাল একসময় জয়দেবপুরের একটি সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করতেন। তবে বিল্লাল বলেন, তিনি কোনো কাজ করেন না। সন্তান পালনের খরচ জোগাতে অক্ষম। তাই মানুষ করার জন্য তাঁর সন্তানকে আত্মীয়দের কাছে দেওয়া হয়েছে। সন্তান ভালো থাকলেই তিনি খুশি। এতে তাঁর সাবেক স্ত্রীর সম্মতি আছে।
তবে বিল্লালের শাশুড়ি রেজিয়া খাতুন (৪৫) বলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁর মেয়েকে রেখে যান বিল্লাল। তিনি অভিযোগ করেন, বিল্লালের মা-বাবা তাঁদের মতামত না নিয়ে সিয়াদকে দলিল করে মাত্র ছয় হাজার টাকায় অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন।
শিশুটি বর্তমানে বালিহাটা কান্দিপাড়া এলাকার এক নিঃসন্তান দম্পতির কাছে রয়েছে। তবে ওই গ্রামে গিয়ে খোঁজ করলে সেখানকার লোকজন জানান, ওই দম্পতি শিশুটিকে নিয়ে ঢাকায় বেড়াতে গেছেন। গ্রামের লোকজন ওই দম্পতির কোনো মুঠোফোন নম্বর দিতে পারেননি।