লালপুরে অস্ত্রসহ তিন যুবলীগ নেতা আটক
নাটোরের লালপুরে অস্ত্রসহ তিন তরুণকে আটক করেছেন র্যাব-৫-এর সদস্যরা। আজ মঙ্গলবার বিকেলে লালপুর উপজেলার ধনঞ্জয়পাড়া এলাকায় এক ইটভাটায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তাঁরা ইউনিয়ন পর্যায়ের যুবলীগের নেতা বলে জানা গেছে।
র্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে র্যাব-৫ সদর দপ্তরের বিশেষ শাখার কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলামের নেতৃত্বে র্যাব সদস্যরা মঙ্গলবার বিকেলে লালপুরের ধনঞ্জয়পাড়া এলাকার একটি ইটভাটায় অভিযান চালান। অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিনটি গুলি, একটি মোটরসাইকেলসহ তিন তরুণকে আটক করা হয়। আটক তরুণেরা হলেন লালপুরের বড়বড়িয়া গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন ওরফে শুকুর (৩৫), কামারহাটি নতুনপাড়া গ্রামের জনাব আলীর ছেলে রাজা হোসেন (৩৮) ও খলিলুর রহমানের ছেলে আবু রায়হান (৩৫)। এ খবর লেখা পর্যন্ত (সন্ধ্যা সাতটা) তাঁদের নাটোর র্যাব ক্যাম্পে রাখা হয়েছিল।
মেজর এ এম আশরাফুল ইসলাম তিন তরুণের আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। শিগগিরই তাঁদের লালপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঙ্গলবার সন্ধ্যায় বলেন, তাঁরা ঘটনাটি শুনেছেন। তবে এখনো তাঁদের কাছে আটক তরুণদের হস্তান্তর করা হয়নি।
এদিকে দলীয় সূত্র জানায়, আটক সাখাওয়াত হোসেন ওরফে শুকুর আড়বাব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। অন্য দুজন চংধুপইল ইউনিয়ন যুবলীগের সদস্য। লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালেদ হোসেন জানান, যুবলীগের নেতা শুকুরকে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তিন মাস আগে দল থেকে বহিষ্কারের উদ্দেশ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। ওই নোটিশ প্রত্যাহার করা হয়নি। আর বাকি দুজনকে তিনি চেনেন না বলে জানান।