লালপুরে আ. লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলায় আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম আশরাফ আলী (৩৬)। তাঁর বাবা বয়েজ প্রামাণিক। বাড়ি উপজেলার বিলশলিয়া গ্রামে। আশরাফ আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন বলে দল ও পুলিশ সূত্র জানিয়েছে।
লালপুর থানার আব্দুলপুর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমানের ভাষ্য, গতকাল রাতে আশরাফকে কে বা কারা মুঠোফোনে ডেকে নিয়ে যায়। আজ সকালে পাশের সুন্দরগাড়া গ্রামের ফসলি জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। আশরাফের হাত-পা ভাঙা ও মাথায় জখম রয়েছে। তাঁকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, আজ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে সকাল নয়টা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি।
এসআই আনিসুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, আশরাফ আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন। জমি নিয়ে বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের দাবি, নিহত আশরাফ এলাকায় ‘আশরাফ ডাকাত’ নামে পরিচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ কয়েকটি মামলা রয়েছে।