লালপুরে আ. লীগের কর্মীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুরে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সুন্দরগাড়া গ্রামের একটি জমি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
লালপুর থানার আবদুলপুর তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, উপজেলার বিলশলিয়া গ্রামের বয়েজ প্রামাণিকের ছেলে আশরাফ আলীকে (৩৬) গত বুধবার রাতে দুর্বৃত্তরা মুঠোফোনে ডেকে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে সুন্দরগাড়া গ্রামের একটি ফসলের মাঠে তাঁর মৃতদেহ পাওয়া যায়। আশরাফের দুই হাত-পা ভাঙা এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই আনিসুর জানান, এ ঘটনায় গতকাল সকাল নয়টা পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ করা হয়নি। প্রাথমিক তদন্তে জানা গেছে, আশরাফ আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন। জমি নিয়ে প্রতিবেশী আবু বক্কর নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে। তিনি এলাকায় আশরাফ ডাকাত নামে পরিচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে ডজন খানেক ডাকাতির মামলা হয়। ডাকাতি-সংক্রান্ত বিষয় নিয়েও খুন হতে পারেন তিনি। আশরাফ আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী।