লালপুরে আ.লীগের কার্যালয়ে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটোরিকশা স্ট্যান্ডের আধিপত্য নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে মারধরের ঘটনা ঘটেছে।
লালপুর থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লালপুর ত্রিমোহনী অটোরিকশা স্ট্যান্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমানের ছোট ভাই জাহাঙ্গীর হোসেন। গতকাল বিকেলে উপজেলা আওয়ামী লীগের কর্মী রবিউল ইসলাম স্ট্যান্ডে গিয়ে জাহাঙ্গীরকে গালাগাল করে এবং স্ট্যান্ড থেকে ওঠানো চাঁদার ভাগ দাবি করেন। এ সময় অটোরিকশার শ্রমিকেরা ধাওয়া দিলে রবিউল দৌড়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।
খবর পেয়ে মতিউর ও জাহাঙ্গীরের কর্মী-সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগের কার্যালয়ে এসে ভাঙচুর চালান। তাঁরা কার্যালয়ে থাকা লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তায়েজ উদ্দিনকে মারধর করেন। রবিউল কার্যালয়ের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। খবর পেয়ে রবিউল ও তায়েজ উদ্দিনের সমর্থকেরাও লাঠিসোঁটা নিয়ে সেখানে আসেন। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন রবিউল।
তায়েজ উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান বলেন, আওয়ামী লীগের কিছু নেতার মদদপুষ্ট হয়ে রবিউল তাঁর ভাইকে লাঞ্ছিত করেছেন। এটা নিয়ে কে বা কারা উত্তেজিত হয়ে কার্যালয়ে ভাঙচুর করেছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী জানান, ঘটনাটি রাজনৈতিক নয়। কিছু লোক অন্যায়ভাবে তায়েজ উদ্দিনকে মারধর করেছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত করা হবে।