লালপুরে আট বছরের শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলায় আট বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির বাবা বলেন, মঙ্গলবার বিকেলে তাঁর মেয়ে বাড়ির পাশে খেলাধুলা করছিল। সন্ধ্যা হলেও সে বাড়িতে ফিরে না আসায় তাঁরা খোঁজাখুঁজি করতে থাকেন। সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাকে বাড়ির পাশের একটি গমখেত থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মেয়ের বরাত দিয়ে তিনি বলেন, খেলাধুলার একপর্যায়ে তার মামাতো ভাই (১৬) রাস্তার পাশে একটি গমের খেত দেখানোর কথা বলে তাকে নিয়ে গিয়েছিল। সেখানে তাকে ধর্ষণ করা হয়। ওই কিশোর স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। ঘটনার পর সে এলাকা ছেড়ে পালিয়েছে। মেয়ের চিকিৎসা নিয়ে তিনি ব্যস্ত আছেন। এ ব্যাপারে শিগগিরই তিনি আইনের আশ্রয় নেবেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জ্যোতির্মণ চৌধুরী বলেন, যখন মেয়েটিকে তাঁদের কাছে নিয়ে আসা হয়, তখন তার অবস্থা আশঙ্কাজনক ছিল। মেয়েটির শরীর থেকে রক্ত ঝরছিল। প্রাথমিক চিকিৎসার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ দেওয়ার জন্য তাঁরা মেয়েটির বাবাকে খবর পাঠিয়েছেন। অভিযোগ পেলে ওই কিশোরকে গ্রেপ্তার করা হবে।