লালপুরে কৃষক লীগ নেতাকে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলা এলাকায় আজ মঙ্গলবার সন্ধ্যায় কৃষক লীগের নেতা বাবুল আকতারকে কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাবুল লালপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক। স্থানীয় লোকজন জানান, বাবুল লালপুর উপজেলার বরমহাটি গ্রামের স্থানীয় একটি স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। আজ সন্ধ্যা ছয়টার দিকে ওই স্কুলের পাশে চার পাঁচজন যুবক তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং গুলি করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার প্রথম আলোকে বলেন, ওই বিদ্যালয়ের এক শিক্ষককে বরখাস্ত করা নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।