লালপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে কৃষকের ফসল নষ্ট
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নে দুর্বৃত্তরা গত মঙ্গলবার রাতে বিষাক্ত রাসায়নিক ছিটিয়ে এক কৃষকের ১২৫ শতক জমির মসুর নষ্ট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হাকিম জানান, দুর্বৃত্তরা বিষাক্ত রাসায়নিক ছিটিয়ে তাঁর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের আবদুল জব্বার ও তাঁর ছেলে আমিনুল ইসলামের ১২৫ শতক জমির মসুর নষ্ট করে।
গতকাল বুধবার সকালে লালপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মমতাজ উদ্দিন ওই জমি পরিদর্শন করেন। তিনি বলেন, আগাছা নিধনের এক ধরনের রাসায়নিক পাওয়া যায়। কৃষকেরা পরিমিত মাত্রায় ওই রাসায়নিক ব্যবহার করলে ফসলের কোনো ক্ষতি হয় না। তবে দুর্বৃত্তরা এটা অতি মাত্রায় ছিটিয়েছে। ফলে মসুরের সব গাছ মারা যাচ্ছে।
আমিনুল ইসলাম বলেন, ‘আমার বোনকে অপহরণের ঘটনা নিয়ে গ্রামের শরিউল ইসলাম ও জামিন মণ্ডলদের সঙ্গে মামলা চলছে। এর জের ধরে তারা আমাদের ফসল নষ্ট করার হুমকি দিয়েছিল।
যোগাযোগ করা হলে এ অভিযোগ অস্বীকার করেন শরিউল ইসলাম ও জামিন মণ্ডল।