লালপুরে মৃত গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে ৫ হাজার টাকা জরিমানা

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া বাজারে মৃত গরু জবাই করে মাংস বিক্রি করার অপরাধে এক কসাইকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম উম্মুল বানীন দ্যুতির ভ্রাম্যমাণ আদালত। ওই কসাইয়ের নাম সাইফুল ইসলাম। তিনি উপজেলার ওয়ালিয়া গ্রামের মৃত রুস্তুম সরকারের ছেলে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ওয়ালিয়া বাজারে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইউএনও জানতে পারেন, ওয়ালিয়া বাজারে মৃত গরুর মাংস বিক্রি হচ্ছে। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি দোকান থেকে ৫৫ কেজি মাংস জব্দ করেন। পরে বিক্রেতা সাইফুল ইসলামকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১-এর ২৪ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিছুর রহমান ও ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।