লালপুরে সন্ত্রাসী হামলায় তিন সংবাদকর্মী আহত
রেলের তেল চুরির দৃশ্য ধারণ করার সময় গত শনিবার সন্ধ্যায় নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর জংশনে চোরাকারবারিদের হামলায় তিন সংবাদকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
লালপুর থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেল থেকে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের তালাশ টিমের কয়েকজন সংবাদকর্মী আব্দুলপুর রেল জংশনে রেলের তেল চুরির দৃশ্য ধারণ করছিলেন। সন্ধ্যায় তেল চোরাচালান চক্রের সঙ্গে জড়িত হাফিরুর রহমানসহ কয়েকজন তাঁদের ওপর হামলা করেন। তাঁরা তিন সংবাদকর্মীকে লোহার হাতুড়ি ও পাথর দিয়ে পিটিয়ে আহত করেন ও ক্যামেরা ভাঙচুর করেন। খবর পেয়ে আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংবাদকর্মীদের উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত সংবাদকর্মীরা হচ্ছেন ক্যামেরাপারসন রাকিবুল হাসান, তাইমুর শুভ ও সবুজ মাহমুদ। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছিনিয়ে নিয়ে যাওয়া ক্যামেরাটি উদ্ধার করে। রাত ১১টার দিকে ক্যামেরার মেমোরি কার্ডটি উদ্ধার করা হয়। রোববার সকাল পর্যন্ত পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আকলেছ হোসেন ও আবদুস সামাদকে আটক করেছে।
রাকিবুল হাসান জানান, একটি দৃশ্য ধারণকালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা করে। পরে তাঁরা পাশের পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে প্রাণে রক্ষা পান। তালাশ টিমের প্রধান পারভেজ খান রোববার দুপুরে প্রথম আলোকে জানান, এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে। ক্যামেরায় ধারণ করা ছবি ও আটক হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্য যাচাই করে আসামিদের তালিকা প্রস্তুত করতে কিছুটা সমস্যা হওয়ায় মামলা করতে দেরি হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ব্যাপারে প্রকৃত অপরাধীদের সবাইকে গ্রেপ্তার করা হবে।’