লালবাগ কেল্লার দেয়ালে পেরেক ঠুকে টানানো হচ্ছে ব্যানার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালবাগ কেল্লার দেয়ালে লোহার পেরেক ঠুকে ব্যানার লাগিয়েছেন আওয়ামী লীগের এক নেতা৷ ছবিটি গত রোববার তোলা l প্রথম আলো
লালবাগ কেল্লার দেয়ালে লোহার পেরেক ঠুকে ব্যানার লাগিয়েছেন আওয়ামী লীগের এক নেতা৷ ছবিটি গত রোববার তোলা l প্রথম আলো

পুরান ঢাকার লালবাগ কেল্লার চারপাশের দেয়ালে আইন লঙ্ঘন করে ব্যানার ও পোস্টার লাগাচ্ছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। ব্যানার টানাতে পেরেক মারা হচ্ছে এই ঐতিহাসিক স্থাপনার দেয়ালে। এতে কেল্লার দেয়াল ধসে যাওয়ার আশঙ্কা করছেন কেল্লা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা।
গত রোববার কাজী রিয়াজ উদ্দিন সড়কে কেল্লার দক্ষিণ-পশ্চিম পাশের দেয়ালে বড় পেরেক ঠুকে প্রায় আট ফুট দৈর্ঘ্যের একটি ব্যানার টানিয়েছেন লালবাগ থানা আওয়ামী লীগের এক নেতা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই সড়কে কেল্লার দেয়াল-সংলগ্ন লেগুনার ধাক্কায় আগেই দেয়ালের কয়েকটি স্থানে পলেস্তারা খসে গর্তের সৃষ্টি হয়েছিল। এখন আবার দেয়ালের এই অংশেই পেরেক মারা হচ্ছে। এভাবে চলতে থাকলে কেল্লার দেয়ালটি এ সময় ধসে পড়বে।
লালবাগ কেল্লার তত্ত্বাবধানকারী সুলতানা জাকিয়া বেদৌরা প্রথম আলোকে বলেন, কেল্লার দেয়ালে পোস্টার ও ব্যানার না লাগাতে নোটিশ দেওয়া আছে। তারপরও দেয়ালে ব্যানার-পোস্টার লাগানো হচ্ছে। কেল্লার ঐতিহ্য ধরে রাখতে এই এলাকার মানুষকেই বেশি সচেতন হতে হবে।
পুরান ঢাকার পুষ্পরাজ সাহা লেন, লালবাগ, শায়েস্তা খান ও কাজী রিয়াজ উদ্দিন সড়ক এলাকা লালবাগ কেল্লা। কেল্লার চারপাশে দেয়ালে লাগানো হয়েছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় শতাধিক ব্যানার ও পোস্টার। এর মধ্যে কাজী রিয়াজ উদ্দিন সড়কে কেল্লার দেয়ালে বড় বড় পেরেক মেরে প্রায় আট ফুট দৈর্ঘ্যের একটি ব্যানার টানিয়েছেন লালবাগ থানা আওয়ামী লীগের নেতা দেলোয়ার হোসেন মিয়া। ঢাকা-৭ আসনের সাংসদ মো. সেলিমের ছবি-সংবলিত এই ব্যানারে লালবাগ এলাকায় আগমন উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে স্বাগত জানানো হয়। এ ছাড়া এই ব্যানারের আশপাশে লাগানো আছে প্রায় ৪০টি পোস্টার। অথচ পাশেই একটি বিজ্ঞপ্তিতে লেখা, ‘পুরাকীর্তি জাতীয় সম্পদ, এর রক্ষণাবেক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব। সুতরাং দুর্গ-সংলগ্ন এলাকায় আবর্জনা ফেলা, দেয়ালে পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো ও টানানো এবং দেয়াল লিখন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। পুরাকীর্তির যেকোনো ক্ষতিসাধন করা প্রত্নতাত্ত্বিক আইনে দণ্ডনীয় অপরাধ।’
নাম প্রকাশ না করার শর্তে কাজী রিয়াজ উদ্দিন সড়কের এক বাসিন্দা বলেন, বিভিন্ন দিবস ও অনুষ্ঠানকে সামনে রেখে প্রায়ই কেল্লার দেয়ালে ব্যানার ও পোস্টার টানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। এসব ব্যানার ও পোস্টার উচ্ছেদ করতে গিয়ে প্রায়ই হুমকি-ধমকির শিকার হয় কেল্লা কর্তৃপক্ষ।
এ বিষয়ে জানতে গতকাল রাতে দেলোয়ারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। তবে সুলতানা জাকিয়া বেদৌরা প্রথম আলোকে জানিয়েছেন, কেল্লার দেয়াল থেকে ব্যানারটি খুলে ফেলতে দেলোয়ারকে বলেছেন তিনি। দেলোয়ার ব্যানারটি খুলে ফেলতে রাজি হয়েছেন।