লালবাগে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, রিকশাচালক আহত
রাজধানীর লালবাগ এলাকায় স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে আজ বুধবার সংঘর্ষের ঘটনায় আবদুর রহমান নামের এক রিকশাচালক আহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
আহত অবস্থায় রিকশাচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অধিপত্য বিস্তার নিয়ে আজ বিকেলে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় বিকশা থেকে যাত্রী নামানোর সময় চালক আবদুর রহমান গুলিবিদ্ধ হন। তাঁর বাঁ পায়ের পাতায় একটি গুলি লেগেছে। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালবাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার প্রথম আলোকে বলেন, দেলোয়ার হোসেন মিয়া নামের এক আওয়ামী লীগ নেতার লোকজনের সঙ্গে ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দোলোয়ার হোসেনের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে চকবাজার থানায় আনা হয়েছে।