লালবাগে আ.লীগ কর্মীকে কুপিয়েছে হামলাকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালবাগ থানা এলাকায় গতকাল শুক্রবার দুপুরে আওয়ামী লীগের কর্মী সাহাবুদ্দিন হোসেন ওরফে সাবুকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে হামলাকারীরা। আহত সাহাবুদ্দিন ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী ও স্থানীয় সাংসদ হাজি সেলিমের সমর্থক বলে জানা গেছে।
লালবাগ থানার পুলিশ বলেছে, এলাকায় আধিপত্য বিস্তার না কি স্বার্থসংশ্লিষ্ট কোনো কারণে এই হামলা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে আজিমপুর ছাপরা মসজিদসংলগ্ন এলাকায় একটি জায়গায় সাহাবুদ্দিন বসে ছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন লোক তাঁর ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে সাহাবুদ্দিনকে কোপায়। এতে তিনি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
বিকেল সাড়ে পাঁচটার দিকে সাহাবুদ্দিনকে দেখতে ঢাকা মেডিকেলে যান সাংসদ হাজি সেলিম। তিনি সাংবাদিকদের বলেন, অপরাধীরা যারাই হোক, আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
যোগাযোগ করা হলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল মুত্তাকিন প্রথম আলোকে বলেন, হামলাকারীরা আহত সাহাবুদ্দিনের চেনা-পরিচিত। আগে তাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল। এখন আধিপত্য বিস্তার না কি স্বার্থসংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।