লালবাগে এক বাসা থেকে বিপুল ককটেল, বিস্ফোরক উদ্ধারের দাবি পুলিশের
পুরান ঢাকার লালবাগের জগন্নাথ সাহা রোডের একটি বাড়ি থেকে গত মঙ্গলবার গভীর রাতে বিপুল পরিমাণ ককটেল, বিস্ফোরক ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
লালবাগ থানার পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ১৭৮/৪-সি জগন্নাথ সাহা রোডের সাততলা বাড়ির তৃতীয় তলার তালাবদ্ধ একটি বাসায় অভিযান চালানো হয়। দুই কক্ষের ওই বাসার স্টোররুমে ৭৪টি ককটেল, আড়াই কেজি বিস্ফোরক ও বোমা তৈরির বিপুল পরিমাণ উপকরণ উদ্ধার করা হয়। অভিযানে থানা-পুলিশ, মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল এবং র্যা ব-১০-এর একটি দল অংশ নেয়। ওই বাড়ির বৈদ্যুতিক মিস্ত্রি বাদশা মিয়া ও নিরাপত্তাকর্মী আবদুল আলীমকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে বাড়ির তত্ত্বাবধায়ক সোলায়মান পালিয়ে গেছেন।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ওই বাড়ির মালিক যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী। ওই বাসায় কেউ থাকতেন না। সেখানে ককটেল বানানো হতো। এর দায় বাড়ির মালিক মীর নেওয়াজ আলী এড়াতে পারেন না। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার পর জগন্নাথ সাহা রোডে মীর নেওয়াজের পাশাপাশি সাততলা দুটি বাড়ির সামনে পুলিশ অবস্থান নেয়। একপর্যায়ে পুলিশ ১৭৮/৪-সি বাড়িতে ঢোকে। পুলিশ বাড়িটির সব ঘর তল্লাশি করে। প্রতি তলায় চারটি করে বাসা। বাসিন্দাদের নাম-পরিচয় জানার পাশাপাশি বাড়ির মালিকের নামও যাচাই করা হয়। তিনতলার ওই বাসায় তালা দেখে মিস্ত্রি আনিয়ে তালা খুলিয়ে ভেতরে ঢোকে পুলিশ। এর আগে অন্য বাসাগুলো থেকে বালতি ও নিচ থেকে বালুভর্তি চারটি বস্তা নিয়ে আসে।
তৃতীয় তলার এক বাসিন্দা জানান, পুলিশ ওই বাসা থেকে বালুভরা বালতিতে কিছু পলিথিনের পোঁটলা বের করে আনে। পুলিশ বাসিন্দাদের জানায়, পলিথিনের পোঁটলায় বোমা ও ককটেল আছে। তবে ওই বাসার কাছে কাউকে দাঁড়াতে দেয়নি পুলিশ। আরেক বাসিন্দা জানান, মাস খানেক আগে ওই বাসা ছেড়ে গেছে এক পরিবার। এর পর থেকে তালা ঝুলছিল। অবশ্য বাড়ির তত্ত্বাবধায়ক সোলায়মান ১৫ দিন আগে তাঁদের বলেছেন, বাসাটি কয়েকজন ব্যাচেলরকে ভাড়া দেওয়া হয়েছে। তবে ওই ভাড়াটেদের কাউকে তাঁরা দেখেননি।
আবদুর রাজ্জাক নামের এক বাসিন্দা বলেন, বাড়ির মালিক নেওয়াজ এই বাড়িতে থাকেন না। সোলায়মান প্রতি রাত দুইটার দিকে বাড়ির প্রধান ফটকে তালা লাগান। পুলিশের অভিযানের সময় প্রধান ফটক খোলা ছিল। মঙ্গলবার রাত থেকে বুধবার বেলা একটা পর্যন্ত বাড়ির সামনে পুলিশ ছিল। ওই সময় সেখানে আসা গণমাধ্যমকর্মীদের কাছে ঘটনার বর্ণনা করেছে পুলিশ।
স্থানীয় লোকজন জানান, সাবেক ছাত্রদল নেতা মীর নেওয়াজ ঢাকা কলেজ ছাত্র সংসদের সহসভাপতি ছিলেন। পরে তিনি যুবদলে যোগ দেন। জগন্নাথ সাহা রোডে ওই দুটি ও শহীদ নগরে একটি বাড়ি আছে তাঁর। এসব বাড়ি তিনি ভাড়া দিয়েছেন। তিনি সপরিবারে থাকেন লালবাগের শেখ সাহেব বাজারে।