লালবাগে গুলি করে পৌনে নয় লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহ্ সিমেন্টের পরিবেশক প্রতিষ্ঠানের একজন কর্মচারীকে গুলি করে তাঁর কাছ থেকে পৌনে নয় লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। গতকাল বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার লালবাগের কাজী রিয়াজউদ্দিন রোডে অনেকের সামনে এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় মো. তাসরিফ (২৮) নামের ওই কর্মচারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শাহ্ সিমেন্টের পরিবেশক আবদুর রহমানের লালবাগের পোস্তার ওয়াটার ওয়ার্ক্স রোডে আরাফাত ট্রেডিং নামে ব্যবসাপ্রতিষ্ঠান আছে। তাঁর বাসা কাজী রিয়াজউদ্দিন রোডে। গতকাল সকাল সোয়া ১০টার দিকে তিনি ও তাসরিফ বাসা থেকে পৌনে নয় লাখ টাকা নিয়ে বের হন। টাকাগুলো ছিল তাসরিফের কাছে থাকা একটি হাতব্যাগে। তাঁরা বাসার কাছে থাকা নিজস্ব প্রতিষ্ঠানের মাইক্রোবাসে ওঠার আগে তিনজন ছিনতাইকারী তাসরিফের ডান পায়ে পিস্তল দিয়ে গুলি করে তাঁর কাছ থেকে টাকাভর্তি হাতব্যাগ ছিনিয়ে নেয়। এর পর ছিনতাইকারীরা অস্ত্র উঁচিয়ে টাকা নিয়ে এলাকা ছেড়ে চলে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন তাসরিফ প্রথম আলোকে বলেন, টাকা নিয়ে বাসা থেকে বেরিয়ে মাইক্রোবাসের কাছে পৌঁছানোর আগেই তিন যুবক অতর্কিতে তাঁদের ওপর চড়াও হয়। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা তাঁর পায়ে গুলি করে টাকাভর্তি হাতব্যাগটি ছিনিয়ে নিয়ে গেছে।
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মফিজউদ্দিন আহাম্মেদ প্রথম আলোকে বলেন, ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।