পুরান ঢাকার লালবাগের রিয়াজউদ্দিন রোডের একটি বাসায় গতকাল বৃহস্পতিবার বিকেলে বোমা বিস্ফোরণে সাত বছর বয়সী শিশু মিরাজ রহমান নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে মিরাজের বড় বোন নেহা আক্তার (১০)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিয়াজউদ্দিন রোডের ২৭/২০ নম্বরে পৈতৃক বাড়ির দোতলায় টিনশেড ঘরে স্ত্রী, ছেলে মিরাজ ও মেয়ে নেহাকে নিয়ে বাস করেন ইয়াকুব আলী। পরিবারটির দাবি, কেউ বোমাটি বাইরে থেকে ঘরে ছুড়ে মেরেছে।
গতকাল সন্ধ্যায় ওই বাসা পরিদর্শন করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলের প্রধান অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ইয়াকুবের বাসা থেকে বোমার আলামত এবং বেশ কিছু বৈদ্যুতিক যন্ত্র জব্দ করা হয়েছে। তদন্তে জানা গেছে, জব্দ করা আলামতগুলো দিয়ে ‘পাইপ বোমা’ বানানো হয়েছিল। ইয়াকুব নিজের আগ্রহ থেকে তা বানিয়েছিলেন। এই পাইপ বোমা নাড়াচাড়া করতে গিয়েই তা বিস্ফোরিত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল চারটার পর ইয়াকুবের ঘরে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে মিরাজের ভুঁড়ি বেরিয়ে যায়। নেহার হাত ও শরীরের বিভিন্ন স্থান জখম হয়। ঘরে তাদের মা সাহিদা থাকলেও তাঁর কিছু হয়নি। দুই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন। পোস্তা ল্যাবরেটরি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী নেহা ওই হাসপাতালে চিকিৎসাধীন।
ইয়াকুব আলী বলেন, বিকেল চারটার দিকে মিরাজ ও নেহাকে খেলতে দেখে তিনি বাইরে যান। এরপরই তাঁর বাসায় বিস্ফোরণের শব্দে তিনি ফিরে দেখেন, তাঁর দুই সন্তান রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে। স্ত্রী অক্ষত। তিনি অভিযোগ করেন, বাইরে থেকে কেউ তাঁর ঘরের ভেতর বোমাটি ছুড়ে থাকতে পারে। তিনি জানান, কারও সঙ্গে তাঁর বিরোধ নেই। তিনি আগে প্লাস্টিকসামগ্রী ও আয়নার ব্যবসা করতেন। দুই মাস ধরে তিনি বেকার।
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মফিজউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, বাইরে থেকে বোমা ছুড়ে মারলেও তা ওই ঘরে ঢোকার ব্যবস্থা নেই। ইয়াকুব ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। আশপাশের লোকজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।