লালবাগে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩
পুরান ঢাকার লালবাগে এক নারী (২৫) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার মধ্যরাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন—শামীম, কামাল ও টিপু।
লালবাগ থানার পুলিশ জানায়, সোমবার রাতে শামীম, কামাল ও টিপু লালবাগের বিসিক দাস রোডের বাসায় ঢুকে ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যায়। গতকাল মঙ্গলবার দুপুরে ওই নারী তিন ধর্ষকের নাম উল্লেখ করে লালবাগ থানায় মামলা করেন। এরপর পুলিশ তিন ধর্ষককে গ্রেপ্তার করে। পরে পুলিশ রাত ১২টার দিকে ধর্ষণের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ধর্ষণের শিকার নারী ধানমন্ডি এলাকার একটি শপিং কমপ্লেক্সে চাকরি করেন। শামীম তাঁকে ওই প্রতিষ্ঠানে চাকরি দিয়েছিলেন। বাসায় একা থাকার সুযোগ নিয়ে শামীম সহযোগীদের নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন বলে জানান তিনি।