লালবাগে ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালবাগের বেড়িবাঁধ এলাকা থেকে গতকাল রোববার ভোরে আনোয়ার হোসেন ওরফে সুমন (৩০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারালো অস্ত্রের আঘাতে তাঁকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

পুলিশের লালবাগ থানার ওসি মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, মৃতদেহের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আমদানি-রপ্তানি পণ্য খালাসের (সিঅ্যান্ডএফ) ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ জানায়, গতকাল ভোরে লালবাগ বেড়িবাঁধের শ্মশানঘাট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে জিনস প্যান্ট, শার্ট ও সোয়েটার পরা লাশটি উদ্ধার করা হয়। পরে লাশের সঙ্গে পাওয়া মুঠোফোন থেকে ফোন করে পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে। ময়নাতদন্তের জন্য পুলিশ লাশটি সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানোর পর মানিক নামের একজন এসে তাঁকে শনাক্ত করেন। মানিক নিজেকে নিহত ব্যবসায়ীর ভাই হিসেবে দাবি করেছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো নিজেদের ধারণার কথা কিছু বলেনি পরিবার। স্বজনেরা জানিয়েছেন, আনোয়ার কামরাঙ্গীরচরের লোহারপুল এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।