লালবাগে শিশু হত্যায় একজনের যাবজ্জীবন, দুজন খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর আগে লালবাগ এলাকায় রিফাত নামে ছয় বছরের এক শিশুকে অপহরণের পর হত্যার দায়ে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মুন্সি রফিউল আলম এই রায় দেন। এই মামলার দুজন আসামি খালাস পেয়েছেন।

রিফাতের বাবা রফিকুল ইসলাম পেশায় মাছ ব্যবসায়ী। দুই আসামি খালাসের এই রায়ে সন্তুষ্ট নন তিনি।  প্রথম আলোকে তিনি বলেন, তাঁর ছেলেকে অপহরণ করে মুক্তিপণের টাকা আদায়ের জন্য নির্মমভাবে হত্যা করা হয়। অথচ আদালত আসামির ফাঁসির দণ্ড দেননি। দুজন আসামিকে খালাস দিয়েছেন। এই রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে যাবেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন আরিফুর রহমান জুয়েল। আর খালাস পাওয়া দুই আসামি হলেন দণ্ড পাওয়া আরিফুর রহমান জুয়েলের বাবা হাবিবুর রহমান এবং ইকবাল মুন্সি। রায় ঘোষণার পর দণ্ড পাওয়া আসামি আরিফুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মো. আলী আকবর।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৯ জুন শিশু রিফাতকে অপহরণ করা হয়। পরদিন শিশুটির বাবা লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেদিন একটি মোবাইল ফোন থেকে রিফাতের বাবার মোবাইল ফোনে কল আসে। অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ চান। বিষয়টি র‍্যাব কিংবা পুলিশকে না জানানোর জন্য অপহরণকারীরা বাদীকে হুমকি দেয়। তবে রিফাতের বাবা ঘটনাটি র‍্যাব-১০ কে লিখিতভাবে জানান। পরে অপহরণকারী চক্রের সদস্যরা লালবাগ এলাকার আজিমপুর ম্যাটারনিটি হাসপাতালের সামনে ময়লা রাখার স্থানে টাকা রেখে যেতে বলে।

অপহরণকারী চক্রের কথা মোতাবেক সেদিন হাসপাতালের সামনের ময়লা রাখার স্থানে ৪০ হাজার টাকা আর একটি প্যাকেট রেখে আসা হয়। এই টাকা নিতে আসার সময় অপহরণকারী চক্রের অন্যতম সদস্য আরিফুর রহমান জুয়েলকে হাতেনাতে গ্রেপ্তার হয়। পরে আরিফুর রহমানের তথ্য মোতাবেক তাঁর বাবা হাবিবুর রহমান এবং ইকবাল মুন্সিকে গ্রেপ্তার করে পুলিশ। নিখোঁজ হওয়ার দুদিনের মাথায় (১১ জুন) শিশু রিফাতের লাশ উদ্ধার করা হয় বুড়িগঙ্গা নদী থেকে। এ ঘটনায় নিহত শিশুর বাবা লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৫ সালের ৬ ডিসেম্বর আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, আসামি আরিফুর রহমান শিশু রিফাতকে টেনিস এবং একটি ফুটবল দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নেন। পরে তার নিজের কক্ষে নিয়ে ফলের জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ায়। পরবর্তী সময়ে মুক্তিপণের ১০ লাখ টাকা না দেওয়ায় শিশু রিফাতকে শ্বাস রোধ করে হত্যা করে লাশ বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়ে আসে।

শিশু রিফাতকে হত্যা করার কথা স্বীকার করে আসামি আরিফুর রহমান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আলী আকবর। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী আবদুর রশিদ মোল্লা। আসামিপক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ রেজাউর রহমান ও দেলোয়ার হোসেন।