লালবাগে 'জেএমবি সদস্য' গ্রেপ্তার

জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাঁর নাম মুফতি মাওলানা মো. তাওহীদুল ইসলাম ওরফে জুবায়ের ওরফে জুনায়েদ ওরফে আবু সাদ। র্যাবের দাবি, তাওহীদুল জেএমবির সারওয়ার গ্রুপের সক্রিয় সদস্য এবং একাধিক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।
গতকাল বুধবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১১-এর একটি দল তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাওহীদুল ইসলামের কাছ থেকে উল্লেখযোগ্যসংখ্যক লিফলেট জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাওহীদুলের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়। তিনি ২০০৫ সালে ঢাকার লালবাগের একটি মাদ্রাসা থেকে হেফজ পাস করে ঢাকার বিভিন্ন এলাকায় শিক্ষকতা করতেন। এ সময় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদে (হুজি) যোগ দেন তিনি। ২০১২ সালে সাজিদ নামের এক জেএমবি সদস্যের সঙ্গে পরিচয় হয় তাঁর।
২০১৬ সালের মে মাসে রাজধানী তেজগাঁও এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে আরবি শিক্ষার একটি কোচিং সেন্টার প্রতিষ্ঠা করেন জেএমবির ১২-১৫ জন সদস্য। আরবি পড়া ও অর্থ বোঝার প্রশিক্ষণ দিতেন তাওহীদুল। এর কিছুদিন পর জেএমবির শীর্ষস্থানীয় সদস্য ইমরান আহমেদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক হয়। এরই সূত্র ধরে তিনি জেএমবির আর্থিক বিষয়গুলোও দেখাশোনা করতে থাকেন। জেএমবির সদস্যদের আরবি শেখানোর পাশাপাশি ইন্টারনেটে পাওয়া উগ্রবাদী মতামত, বিভিন্ন বার্তা ও বইগুলো অনুবাদ করে দিতেন তাওহীদুল। সবশেষ তিনি জেএমবির সারওয়ার গ্রুপের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব ও সদস্যদের মধ্যে সমন্বয়কারী হয়ে কাজ করছিলেন।