লালবাগের ঈদগাহে অবৈধ পিকআপ ও লেগুনাস্ট্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালবাগ এলাকায় ঢাকা সিটি করপোরেশনের শহীদ হাজি আলীম ঈদগাহ মাঠ দখল করে এভাবেই পিকআপ ও লেগুনাস্ট্যান্ড গড়ে তোলা হয়েছে l ছবি: সাজিদ হোসেন
লালবাগ এলাকায় ঢাকা সিটি করপোরেশনের শহীদ হাজি আলীম ঈদগাহ মাঠ দখল করে এভাবেই পিকআপ ও লেগুনাস্ট্যান্ড গড়ে তোলা হয়েছে l ছবি: সাজিদ হোসেন

রাজধানীর লালবাগের ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড-সংলগ্ন শহীদ হাজি আলীম ঈদগাহ দখল করে গড়ে উঠেছে অবৈধ পিকআপ ও লেগুনা স্ট্যান্ড। মাঠের সবুজ ঘাস উঠে গেছে, উড়ছে ধুলাবালি। এতে ঈদগাহ-সংলগ্ন ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব ও স্থানীয় শিশু-কিশোরদের খেলা ব্যাঘাত ঘটছে।
স্থানীয় বাসিন্দা এবং ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের অভিযোগ, দীর্ঘদিন ধরে লালবাগ ঈদগাহে পিকআপ ও লেগুনা রাখছেন পরিবহন মালিকেরা। এতে এলাকার শিশু-কিশোরদের খেলায় ব্যাঘাত ঘটছে। শহীদ হাজি আলীম ঈদগাহ্ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৬ নম্বর ওয়ার্ডের নিজস্ব সম্পত্তি। এটি লালবাগ এলাকার শিশু-কিশোরদের একমাত্র খেলার মাঠ হিসেবেও ব্যবহৃত হয়।
ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হাসিবুর রহমান প্রথম আলোকে বলেন, ঈদগাহ্ থেকে পিকআপ ও লেগুনা স্ট্যান্ড উচ্ছেদ করে চারপাশে গাছ, বসার স্থান ও মানুষের হাঁটার পথ নির্মাণ করার পরিকল্পনা আছে। কারণ, পুরান ঢাকার লালবাগে সকাল-বিকেল ব্যায়াম করতে পারছেন না বাসিন্দারা। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে একটি নির্দিষ্ট সময়ে মাঠ খেলার জন্য উন্মুক্ত রাখা হবে।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, লালবাগের ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড -সংলগ্ন চারপাশে দেয়ালঘেরা শহীদ হাজি আলীম ঈদগাহ্। এর চারপাশে রাখা আছে প্রায় ৪০টি লেগুনা ও ৩০টি পিকআপ। ঈদগাহের উত্তর পাশে দেয়ালঘেঁষে অন্য স্থান থেকে উচ্ছেদ করা প্রায় ২০টি টং দোকান ফেলে রাখা হয়েছে। এ ছাড়া ঈদগাহের উত্তর-পূর্ব অংশে ধুলাবালি কমাতে বালতি করে পানি ছিটিয়ে দিচ্ছেন ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের কয়েকজন খেলোয়াড়। ক্লাবটি ঈদগাহের পূর্ব পাশে অবস্থিত। দক্ষিণ পাশে ধুলাবালিতেই খেলেছে স্থানীয় শিশু-কিশোরেরা। আর এর মধ্যেই মাঠের ভেতর যাতায়াত করছে পিকআপ ও লেগুনা। ফলে ধুলাবালি উড়ে আশপাশের বাসায় ঢুকছে। দক্ষিণ-পশ্চিম, দক্ষিণ-পূর্ব ও পশ্চিম-উত্তর দিকে মাঠে প্রবেশে ফটক রয়েছে তিনটি।
লালবাগ সড়ক এলাকা থেকে ঈদগাহে ক্রিকেট খেলতে এসেছে কিশোর মো. তানজিম। সে বলছিল, ‘প্রায় প্রতিদিনই বিকেলে মাঠে বন্ধুদের নিয়ে খেলতে আসি। কিন্তু মাঠে গাড়ি রাখায় খেলতে সমস্যা হয়। এ ছাড়া মাঠে ধুলাবালি বেশি। মাঠ থেকে পিকআপ ও লেগুনা স্ট্যান্ড সরানো দরকার।’
ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের এক খেলোয়াড় বলেন, ‘মাঠে খেলার আগে প্রতিদিনই বালতি করে পানি ছিটাতে হয়। তা করা না হলে ধুলাবালিতে অসুস্থ হয়ে পড়েন অনেক খেলোয়াড়।’
খোঁজ নিয়ে জানা যায়, ডিএসসিসির সাবেক কাউন্সিলর শহীদ হাজি আলীমের নামে ১৯৯৮ সালে এর নামকরণ করা হয় ‘শহীদ হাজি
আলীম ঈদগাহ্’। তখন থেকেই লালবাগ এলাকার শিশু-কিশোরেরা মাঠে খেলাধুলা করছে। এর এক পর্যায়ে রাতে মাঠে লেগুনা ও পিকআপ রাখা শুরু করেন এসব যানের মালিকেরা। এখন দিনের বেলাও মাঠে তা রাখা হচ্ছে। ফলে মাঠের ঘাস উঠে গেছে। বৃষ্টি হলেই মাঠ কাদায় ভরে ওঠে। এ ছাড়া কয়েক বছর আগে মাঠের চারপাশে বিভিন্ন ধরনের ১৪০টি গাছের চারা লাগিয়েছিল ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব। কিন্তু সে চারাগুলোও ভেঙে ফেলা হয়েছে।
লেগুনার চালক মোশাররফ হোসেন বলেন, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা চলায় রাস্তায় গাড়ি রাখতে দিচ্ছে না পুলিশ। তাই কয়েক দিন ধরে ঈদগাহে গাড়ি রাখতে হচ্ছে।
ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা মাঠে গাড়ি রাখতে দিই না। কিন্তু পূজার কারণে এসব গাড়ি আবার মাঠে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরকে জানানো হয়েছে।’