লালমনিরহাট সীমান্তে নিহত বাংলাদেশির লাশ নিয়ে গেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের আদিতমারীর দুর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফের) গুলিতে নিহত মো. আসাদুজ্জামান (২২) নামের এক বাংলাদেশি রাখালের লাশ নিয়ে গেছে বিএসএফ। আজ রোববার ভোরে নিহত আসাদুজ্জামান দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামের আবুল হোসেনের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ রোববার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার ওই দুর্গাপুর সীমান্তের বিওপি ক্যাম্পের ৯২৪/৮ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে পাঁচ থেকে সাত সদস্যের একটি দল গরু আনতে ভারতের ১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতের কোচবিহার জেলার ১০০ বিএসএফ ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত সিংগিমারী বিএসএফের ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্য সঙ্গীরা পালিয়ে আসতে সক্ষম হলেও গুলিতে মো. আসাদুজ্জামান ঘটনাস্থলেই মারা যান। পরে তাঁর লাশ টেনেহিঁচড়ে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
লালমনিরহাট ১৫ বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী দুর্গাপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে দুই দেশের সীমান্তরক্ষীদের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর জিয়া মো. মাসুম এক প্রশ্নের জবাবে বলেন, আজ রোববার বিকেল সাড়ে চারটায় দুর্গাপুর সীমান্তের ৯২৪ মেইন পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে আসাদুজ্জামানকে গুলি করে হত্যা করার কড়া প্রতিবাদ জানিয়ে তাঁর মরদেহ ফেরত চাওয়া হলে বিএসএফের পক্ষ থেকে আগামীকাল সোমবার ভারতের কোচবিহারে মরদেহের ময়নাতদন্ত শেষে লাশ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তিনি বলেন, আগামীকাল সোমবার দুর্গাপুর সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষীদের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ের আরও একটি পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বলেন, কাল লাশ গ্রহণ করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।