লালমনিরহাটে অপহৃত শিশু উদ্ধার অপহরণকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বানভাসা গ্রাম থেকে গতকাল রোববার অপহৃত শিশু মোহনা আক্তারকে (৭) পুলিশ উদ্ধার করেছে। সেই সঙ্গে অপহরণের অভিযোগে লাইজু বেগম (২৪) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বিকেলে শিশুটির বাবা মনির হোসেন লালমনিরহাট সদর থানায় একটি অপহরণ মামলা করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জনা যায়, মোহনা সম্প্রতি তার মা আঞ্জুআরার সঙ্গে নানা আবদুল বারেকের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বালাপুকুর গ্রামে বেড়াতে আসে। গতকাল দুপুর ১২টার দিকে মোহনা স্থানীয় বালাপুকুর বাজারে তার মামা নুর আলমের মুদি দোকানে বিস্কুট নিতে আসে। সেখান থেকে বিস্কুট খেয়ে নিকটবর্তী বালাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েলে যায় পানি খেতে। সেখানে লাইজু নিজেকে মোহনার খালা পরিচয় দিয়ে তাকে সঙ্গে যেতে বলেন। মোহনা রাজি না হলেও কৌশলে তাকে একটি অটোরিকশায় তুলে ওই নারী লালমনিরহাট শহরের মিশন মোড়ের দিকে রওনা হন। স্থানীয় আরেক শিশু জাহিদ হোসেন (৭) ঘটনাটি দেখে মোহনার মামাকে জানায়। নুর আলম ও স্থানীয় লোকজন মোটরসাইকেল নিয়ে অটোরিকশাটিকে ধাওয়া করে বানভাসা এলাকায় সেটি ধরে ফেলেন। খবর পেয়ে লালমনিরহাট সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে অপহরণের অভিযোগে লাইজুকে আটক ও মোহনাকে উদ্ধার করে।
লাইজু বলেন, ‘আমি মেয়েটির (মোহনার) কানে সোনার দুল, গলায় রুপার চেইন ও পায়ে রুপার নূপুরের লোভে ওকে ফুসলিয়ে অটোতে তুলে শহরের দিকে আসছিলাম। পরে মেয়েটিকে ছেড়ে দিতাম।’