এসিআই কোম্পানির প্রতিনিধি আলমগীর হোসেনকে মারধরের ঘটনায় করা মামলার আসামিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার লালমনিরহাট শহরের মিশন মোড় চত্বরে মানববন্ধন হয়েছে। জেলা বীজ ও কীটনাশক অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওই মানববন্ধন হয়। পরে একই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা বীজ ও কীটনাশক অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মিমফিয়ার রহমান। বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কবীর হোসেন, সংগঠনের উপদেষ্টা রায়হান কবীর প্রমুখ।
আলমগীর হোসেন বলেন, ‘জেলার আদিতমারীর পলাশী ইউনিয়নের নামুড়িবাজারের মেসার্স আলম সিড অ্যান্ড ফার্টিলাইজার শপের স্বত্বাধিকারী আবদুল গফুরমোল্লার কাছে কোম্পানির ৩ লাখ ৫১ হাজার ৯১১ টাকা পাওনা রয়েছে। গত শনিবার গফুর ১ লাখ টাকা দেবেন বলে যেতে বলেন। টাকা না দিলে আমি তাঁকে পাওনার কাগজে স্বাক্ষর দিতে বলি। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে আমাকে গফুর ও তাঁর ছেলে মিন্টু মোল্লা মারধর করেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর আমার ব্যাগ চেক করে দেখতে পাই, ব্যাগের ভেতরে থাকা ১ লাখ টাকা নেই। গত সোমবার রাতে থানায় গফুর ও মিন্টুকে আসামি করে মামলা করেছি।’
গফুর বলেন, ‘আমি ঘটনার দিন মাগরিবের নামাজ পড়তে যাব—এমন সময় আলমগীর আমার দোকানে এসে পাওনা টাকা দিতে বলেন অথবা কাগজে স্বাক্ষর দিতে বলেন। আমি বলি, নামাজ পড়ে এসে কাগজে স্বাক্ষর দেব কি না তা জানাব, এ নিয়ে আমাদের তর্ক-বিতর্ক হয়। আমার ছেলে মিন্টু তাঁকে ধাক্কা দিয়েছে। কিন্তু তিনি কীভাবে মুখে আঘাত পেলেন, তা আমার জানা নেই।’
আদিতমারী থানার ওসি হরেশ্বর চন্দ্র বর্মণ বলেন, ওই ঘটনায় মামলা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাঁদের ধরা যাচ্ছে না।