লালমনিরহাটে এক রাতে দুই সরকারি দপ্তরে চুরি ও ভাঙচুর
লালমনিরহাট সদর উপজেলায় গত সোমবার দিবাগত রাতে দুটি সরকারি কার্যালয়ের জানালার গ্রিল কেটে চোর ঢুকে বলে অভিযোগ পাওয়া গেছে। এ দুটি কার্যালয় হচ্ছে উপজেলা প্রাণিসম্পদ এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, সোমবার রাতে কে বা কারা কার্যালয়ের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে স্টিলের আলমারিসহ অন্যান্য আসবাব ভাঙচুর ও তছনছ করে। আলমারি থেকে ১৮ হাজার টাকা চুরি হয়েছে।
অপরদিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাবুল হোসেন বলেন, তাঁর কার্যালয়ের নিচতলার একটি কক্ষের পেছনের জানালার গ্রিল কেটে ঢুকে দুর্বৃত্তরা। তারা নিচ ও ওপর তলার পাঁচটি কক্ষের সাতটি স্টিলের আলমারিসহ আসবাব তছনছ ও ভাঙচুর করে। তবে এখানে কিছু খোয়া যায়নি। প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, দুর্বৃত্তরা টাকাপয়সার খোঁজে এ ভাঙচুর ও জিনিসপত্র তছনছ করে বলে তাঁর ধারণা। তারা একের পর এক বিভিন্ন কক্ষের দরজার হ্যাসবোন ভেঙে ঢুকে আলমারির তালা ভেঙে জিনিসপত্র তছনছ করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজুর রহমান বলেন, দুটি ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।