লালমনিরহাটে কালীমন্দির থেকে অলংকার চুরি
লালমনিরহাট শহরের পুরান বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী কালীমন্দিরের গ্রিলের দরজার তালা ভেঙে কালী মায়ের শরীরে থাকা প্রায় দুই ভরি ওজনের স্বর্ণালংকার ও ১০ ভরি রুপার অলংকার চুরির অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাত নয়টার পর যেকোনো সময় এ ঘটনা ঘটেছে।
কালীমন্দির কমিটি ও লালমনিরহাট সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাত নয়টার দিকে মন্দির কমিটির সভাপতি জীবন কুমার সাহা ও পুরোহিত শ¦র চক্রবর্তী নিজ নিজ বাড়িতে চলে যান। গতকাল সকাল নয়টায় পুরোহিত মন্দিরে এসে দেখতে পান, গ্রিলের তালা ভেঙে কে বা কারা দেবীর শরীর থেকে অলংকারগুলো খুলে নিয়ে গেছে। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি মন্দির কমিটির সদস্যদের জানান। পরে সভাপতি জীবন কুমার থানায় লিখিত অভিযোগ দেন।
পুরোহিত শ¦র চক্রবর্তী বলেন, ‘৩২ বছর ধরে কালী মন্দিরের পুরোহিতের দায়িত্ব পালন করে আসছি। এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় সবাই হতভম্ব।’ মাদকাসক্ত ছেলেরা এ কাণ্ড করে থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম মাহফুজুর রহমান বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে।’
লালমনিরহাট পৌরসভার শহরের কালীবাড়ী এলাকায় ১৮৩৬ সালে এ কালীমন্দিরটি প্রতিষ্ঠিত হয়।