লালমনিরহাটে ক্লিনিকে হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট শহরের আপন পাড়ার মডার্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গত মঙ্গলবার প্রতিপক্ষের লোকেরা হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মডার্ন ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক বজলার রহমান ওই দিন রাতে পাঁচজনকে আসামি করে লালমনিরহাট সদর থানায় একটি মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়, ব্যবসায়িক উন্নতি সহ্য করতে না পেরে প্রতিপক্ষ শাপলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তত্ত্বাবধানের সঙ্গে জড়িতরা মডার্ন ক্লিনিকের ক্ষতির সুযোগ খুঁজছিল। ঘটনার দিন সকালে মডার্ন ক্লিনিকের ল্যাব সহকারী সাজু মিয়াকে সদর হাসপাতাল এলাকায় দেখতে পেয়ে শাপলা ক্লিনিকের তত্ত্বাবধায়ক জুয়েল (৩০) ও সোহেল (২৪) মারধর করেন। একপর্যায়ে তাঁরা ওষুধ কেনার জন্য সাজুর পকেটে থাকা ৩৩ হাজার টাকা জোর করে বের করে নেন। একই দিন দুপুরে মডার্ন ক্লিনিকে এসে তাঁরা ম্যানেজারের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে ক্যাশ বাক্স ভেঙে ৫৬ হাজার ৫৬৫ টাকা জোর করে বের করে নেন। এ ছাড়া তাঁদের হামলায় ক্লিনিকের একটি ডিজিটাল ক্লোরোমিটার, দুটি মাইক্রোস্কোপ মেশিন, একটি অ্যানালাইজার মেশিন ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
সদর থানার ওসি মাহফুজুর রহমান বলেন, হামলার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তদন্ত চলছে। মামলার এজাহারভুক্ত আসামিরা পলাতক।