লালমনিরহাটে গ্রাম পুলিশকে মারধর, মামলা করায় হত্যার হুমকি
মাদক ব্যবসায়ীদের ব্যাপারে তথ্য দেওয়ায় গ্রাম পুলিশের এক সদস্যকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় করা মামলায় জামিনে ছাড়া পেয়ে আসামিরা তাঁকে হত্যার পর লাশ গুম করার হুমকি দিচ্ছেন এবং মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে।
রাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আজিজুল ইসলাম (২৮) ১১ এপ্রিল লালমনিরহাট সদর থানায় এক সাধারণ ডায়েরিতে (জিডি) উল্লেখ করেন, গত ২৯ মার্চ তিনি বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় রাজপুরের চিনাতুলি গ্রামের মাহাম্মদ আলী (৩০), হারুন অর রশিদসহ (২৮) সাতজনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলার ছয়জন আসামি ১০ এপ্রিল লালমনিরহাটের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তাঁরা জামিন পান। জামিন পেয়ে আসামিরা ওই দিন সন্ধ্যায় চিনাতুলি বাজারে যান। সেখানে বাদীকে পেয়ে তাঁরা ভয় দেখান এবং মামলা তুলে না নিলে তাঁকে হত্যার পর লাশ গুম করার হুমকি দেন।
আজিজুল ইসলামের ২৯ মার্চ সদর থানায় করা মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ মার্চ সকালে লালমনিরহাটের ডিবি পুলিশ চিনাতুলি গ্রামে মাদকবিরোধী অভিযানকালে আজিজুল তাদের মাদক ব্যবসায়ী মাহাম্মদ আলী, হারুন অর রশিদসহ সাতজনের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করেন। বিষয়টি জানতে পেরে একই দিন সন্ধ্যায় মাহাম্মদ আলী, হারুন অর রশিদসহ অন্যরা চিনাতুলি বাজারে আজিজুল ইসলামকে পেয়ে লাঠি ও রড দিয়ে পিটিয়ে ফেলে রেখে চলে যান। পরে আজিজুলের পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে রাতে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান।
লালমনিরহাট ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহিন আলী (বর্তমানে রাজশাহী রেঞ্জে কর্মরত) বলেন, ‘২৮ মার্চ সকালে চিনাতুলি গ্রামে মাদক ব্যবসায়ীদের বিষয়ে এলাকাবাসীসহ গ্রাম পুলিশ আজিজুল ইসলাম আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করেছে। এর মধ্যে মাহাম্মদ আলী, হারুন অর রশিদসহ অন্যদের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।’ তিনি আরও বলেন, ‘পরে আমরা জানতে পেরেছি, ওদের হাতে মারপিটের শিকার হয়ে আজিজুল ইসলাম হাসপাতালে ভর্তি হয়েছেন এবং থানায় মামলা হয়েছে।’
আজিজুল ইসলামের বাবা রাজপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার মিস্টার আলী বলেন, ‘আমার ছেলের দোষ কী? সে সরকারি কাজে ডিবি পুলিশকে মাদক ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করেছে। আমি ওদের উপযুক্ত বিচার চাই।’
অভিযুক্ত মাহাম্মদ আলী বলেন, ‘আজিজুল আমাদের বিরুদ্ধে ডিবি পুলিশের কাছে মাদক ব্যবসা করার মিথ্যা তথ্য দিয়েছে। বিষয়টি জানতে পেরে আমরা তার কাছে এর কারণ জানতে চাইলে তার সঙ্গে আমাদের তর্ক হয়। পরে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে। তবে তাকে আমরা মারি নাই, সে কীভাবে আহত হলো তা আমরা জানি না।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মামলা এবং সাধারণ ডায়েরির অভিযোগের বিষয়ে তদন্ত চলছে, তদন্ত প্রতিবেদনের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।