লালমনিরহাটে ছুরিকাঘাতে খুন ছাত্রলীগের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে গত বৃহস্পতিবার রাতে ছুরিকাঘাতে খুন হয়েছেন জেলা ছাত্রলীগের সহসম্পাদক মুসফিক রহমান (১৯)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর দুই সঙ্গীকে পুলিশ আটক করেছে।
মুসফিকের বাবা ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি।
পরিবার বলেছে, বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট শহরের জেলা পরিষদ পাড়ার নিজ বাড়ি থেকে মুসফিক বাইরে বের হন। রাত পৌনে ১১টার দিকে আদিতমারী উপজেলার ত্রিমোহনী সেতু বাজার এলাকার কিছু লোক রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক দীপঙ্কর রায় তাঁকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান তিনি।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফিরোজ কবির বলেন, মুসফিকের দুই সঙ্গীকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে মেহেদী হাসানকে (১৮) হাসপাতাল এলাকা ও রাজিন আহম্মেদকে (১৭) ত্রিমোহনী সেতু বাজার থেকে আটক করা হয়।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ দুজন জানান, মাস তিনেক আগে আদিতমারীর খোলাহাটি গ্রামের নাজিম উদ্দিন (১৯) একটা ঝামেলায় পড়লে মুসফিক তাঁকে সহায়তা করেন। এ জন্য নাজিম মুসফিককে আর্থিক সহায়তা করতে চেয়েছিলেন। কিন্তু কথা না রেখে তিনি এ কয় মাস চট্টগ্রামে গিয়ে থাকেন। দু-এক দিন আগে নাজিম বাড়িতে এসেছেন খবর পেয়ে মুসফিক তাঁদের (মেহেদি ও রাজিন) সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাতে নাজিমের সঙ্গে দেখা করতে ত্রিমোহনী সেতু বাজার এলাকায় যান। এ সময় মুসফিক রাজিনকে নিয়ে নাজিমের সঙ্গে কথা বলতে কিছুটা দূরে যান। পরে রাজিনকেও দূরে যেতে বলেন। এতে তাঁরা দুজন ফিরে আসেন।